Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগুইআটিতে বাসের চাকায় পিষ্ট হয়ে অ্যাপ বাইক চালকের মর্মান্তিক মৃত্যু

বাগুইআটিতে বাসের চাকায় পিষ্ট হয়ে অ্যাপ বাইক চালকের মর্মান্তিক মৃত্যু
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাগুইআটিতে ফের বাসের সঙ্গে দুর্ঘটনায় প্রাণ গেল এক অ্যাপনির্ভর বাইক চালকের। মঙ্গলবার বাগুইআটি থানার অধীনে লোকনাথ মন্দিরের কাছে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পুলিস জানিয়েছে, মৃত অ্যাপ বাইক চালকের নাম রাহুল দাস (২৫)। তিনি জ্যাংড়া এলাকার বাসিন্দা। পুলিস জানতে পেরেছে, তিনি যাত্রী নিয়েই যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে প্রথম ধাক্কা লাগে তাঁর। সেই মুহূর্তে একটি যাত্রীবাহী বাস চলে আসে। তার চাকাতেই পিষে যান তিনি। ঘটনাস্থলেই প্রাণ হারান রাহুল। প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি বাগুইআটির নারায়ণতলায় বাসের ধাক্কায় এক অ্যাপ বাইক চালকের মৃত্যু হয়েছিল। তিনিও যাত্রী নিয়ে সেক্টর ফাইভে যাচ্ছিলেন। ওই ঘটনায় আইটি কর্মী গুরুতর জখম হয়েছিলেন।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ওই অ্যাপ বাইক চালক যাত্রী নিয়ে বাগুইআটির দিক থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিলেন। বাইক চালক নির্দিষ্ট লেনেই ছিলেন। কিন্তু, উল্টোদিক থেকে লেনে ভেঙে একটি বাইক আসছিল। রাহুল ওই বাইকটিকে সাইড দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, নিয়ম ভেঙে আসা বাইকটি তাঁর বাইকের হ্যান্ডেলে ধাক্কা দেয়। তাতে রাহুলের নিয়ন্ত্রণ হারান। পিছনে বসে থাকা যাত্রী বাঁদিকে পড়ে যান। আর রাহুল পড়েন ডানদিকে। সেই মুহূর্তে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল গতিতে থাকা ২১১ নম্বর রুটের একটি বাস। তার চাকায় পিষ্ট হন চালক। পুলিসকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, অ্যাপ বাইক চালকের কোনও দোষ ছিল না। উল্টোদিক থেকে ট্রাফিক আইন ভেঙে আসা বাইকের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। অনেকেই ট্রাফিক আইন মানে না। লেন ভাঙা হামেশাই চলতে থাকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ