Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঘাযতীনে হেলে পড়া সেই বাড়ির ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধার গ্রেপ্তার

বাঘাযতীনে হেলে পড়া সেই বাড়ির ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধার গ্রেপ্তার
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতাজিনগর থানা এলাকার বাঘাযতীনে হেলে পড়া বাড়ির ঘটনার তদন্ত নেমে এবার ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধারকে গ্রেপ্তার করল কলকাতা পুলিস। ধৃতের নাম অভিষেক নাগরা। তিনি হরিয়ানার যমুনানগরে নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের কর্ণধার। সোমবার সকালে হরিয়ানা থেকে তাঁকে গ্রেপ্তার করে নেতাজিনগর থানা। আবাসনটি হেলে যাওয়ার পরেও ঘটনাস্থলে ছিলেন অভিষেক। এরপরে পরিস্থিতি বেগতিক বুঝে কলকাতা ছেড়ে চম্পট দেন তিনি। তাঁর সন্ধান করছিলেন তদন্তকারী আধিকারিকরা। ধৃতকে ট্রানজিট রিমান্ডে হরিয়ানা থেকে কলকাতায় আনা হচ্ছে। আজ, মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হতে পারে।
Advertisement
প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির একটি আবাসন পাশের একটি বাড়ির গায়ে বিপজ্জনকভাবে হেলে পড়ে। গত বছর পুজোর সময়ে ফ্ল্যাটটি হেলে গিয়েছিল। এরপর সেটি সোজা করার জন্য ‘লিফ্টিং প্রসেস’ চালু করা হয়। সেই কাজের দায়িত্ব ছিল হরিয়ানার ওই সংস্থার উপর। ফ্ল্যাটের প্রোমোটার সুভাষ রায় অভিষেক নাগরার সংস্থাকে সেই দায়িত্ব দেন। লিফটিংয়ের কাজ চলাকালীন সেটি আরও হেলে পড়ে। এই ঘটনা প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘এটা ইঞ্জিনিয়ারিং ত্রুটি। পুরসভাকে না জানিয়ে প্রোমোটার এই কাজ করেছেন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়েই হরিয়ানার সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এসব করা হয়েছে। গাড়ি ওঠানোর যন্ত্র দিয়ে বিল্ডিং সোজা করার চেষ্টা হয়েছে। ওই সংস্থা কলকাতার মাটির প্রকৃতি বুঝতে পারেনি। পাথুরে মাটি ভেবে লিফটিংয়ের কাজ শুরু করেছিল।’ এদিকে, ঘটনার দিনই ফ্ল্যাটটির প্রোমোটার সহ ৮ জন বাসিন্দার বিরুদ্ধে নেতাজিনগর থানায় মামলা রুজু করা হয়। পরে বকখালি থেকে গ্রেপ্তার হয় প্রোমোটার সুভাষ রায়কে। তিনি এখন পুলিস হেফাজতে রয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ