সংবাদদাতা, বাগডোগরা: ডালখোলা থেকে মাদক এনে শিলিগুড়িতে হাতবদলের ছক ছিল। পরে শিলিগুড়ি থেকে তা চলে যেতে উত্তরবঙ্গের অন্যান্য এলাকায়। পুলিসের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে রবিবার সকালে। তাদের হেফাজত থেকে মিলেছে ৩০৪ গ্রাম ব্রাউন সুগার। পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজি এবং বাগডোগরা থানার পুলিসের যৌথ অভিযানে এই সাফল্য আসে। উদ্ধার ৩০৪ গ্রাম মাদকের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা। সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের এসওজি’র কাছে গোপন সূত্রে খবর আসে বিপুল পরিমাণ মাদক নিয়ে দুই ব্যক্তি ডালখোলা থেকে শিলিগুড়ির দিকে আসছে। এরপর এসওজি ও বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিস ওত পেতে বসে থাকে বাগডোগরায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে। একটি বাইকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে দেখে তাদের আটক করে পুলিস। জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গতি মেলে। এরপর শুরু হয় তল্লাশি। তাতেই এক ব্যক্তির প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। দ্বিতীয় জনের পকেটে পাওয়া যায় ২০৪ গ্রাম ব্রাউন সুগার। পুলিস জানিয়েছে, ধৃতরা হল আমুশ শেরপা ও কারি পাশোয়ান। দু’জনই শিলিগুড়ির শালুগারার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের সহকারী পুলিস কমিশনার দেবাশিস বসু জানান, এদিন এসওজির কাছে খবর এলে বাগডোগরা থানার পুলিসকে নিয়ে আমরা অভিযান চালাই।



