Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আমার কেরিয়ারের সেরা ট্রফি, বলছেন বিপিন সিং

হন্যে হয়ে সেই অনুরাগীকে খুঁজে বেড়াচ্ছেন বিপিন সিং।

আমার কেরিয়ারের সেরা ট্রফি, বলছেন বিপিন সিং
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: হন্যে হয়ে সেই অনুরাগীকে খুঁজে বেড়াচ্ছেন বিপিন সিং। কিশোর ভারতীতে আইএসএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। উদ্দাম সেলিব্রেশন চলছে। ফেনসিং টপকে এক সমর্থক ডাইভ দিলেন বিপিনের পায়ে। মণিপুরি উইং হাফ এমনিতেই লাজুক। সমর্থকের কাণ্ডে আরও অপ্রস্তুত। জনপ্লাবন ঠেলে কোনোরকমে ড্রেসিং-রুমে পৌঁছান বিপিন। পরে আর সেই সমর্থকের দেখা পাননি। তবে মুহূর্তটা ভুলবেন না কোনোদিন। লাল-হলুদের বিপিনবাবু হাসতে হাসতে বললেন, ‘দেখা হলে বুকে জড়িয়ে ধরতাম ওঁকে। এটাই কলকাতার ফুটবল। এত আবেগ কোথাও পাইনি।’ সেদিন কিশোর ভারতী স্টেডিয়ামে বিপিন সিংয়ের গোটা পরিবার হাজির ছিল। সমর্থকদের ভালোবাসায় তাঁরাও আপ্লুত। বিপিনের মন্তব্য, ‘আমার কেরিয়ারে এটাই সেরা ট্রফি।’

Advertisement

মুম্বই সিটি থেকে বিপিন সিংকে সই করায় ইস্ট বেঙ্গল। রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু কিন্তু ছিলই। বয়স বাড়ছে। বিপিন পারবেন তো? উদ্বেগে ছিলেন অনেকেই। তবে সমর্থকদের বিপিনবাবু যেন ছাপিয়ে গিয়েছেন নিজেকেই। আইএসএলে তাঁর নামের পাশে ৫টি গোল ছাড়াও হাফ ডজন অ্যাসিস্ট। উইং হাফ, উইং-ব্যাক এমনকি রাইট ব্যাকের অনভ্যস্ত জায়গাতেও তাঁকে খেলিয়েছিলেন অস্কার। ক্রমাগত ওভারল্যাপে গিয়ে আক্রমণেও সাহায্য করেছেন। জ্যামিতির মতো মাপা ক্রস খুঁজে নিয়েছে ইউসেফ বা সোয়বার্গকে। সুপার কাপ ফাইনালেও নিখুঁত বল ভাসিয়েছিলেন হিরোশির উদ্দেশ্য। অরক্ষিত জাপানি ফুটবলার জাল কাঁপাতে পারলে সুপার কাপও সাজানো থাকত লেসলি ক্লডিয়াস সরণিতে। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। বিপিন বলছেন, ‘অপেক্ষা করুন। এভাবেই নিজেকে উজাড় করে দিতে চাই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ