নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের প্রদর্শনী এবং দুর্গাপুজোর গানের গল্প নিয়ে একান্ত আড্ডায় মোনালি ঠাকুর।
নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের প্রদর্শনী এবং দুর্গাপুজোর গানের গল্প নিয়ে একান্ত আড্ডায় মোনালি ঠাকুর।
সুরের সঙ্গে সুতোর যোগসূত্র রয়েছে?
(হেসে) সংগীত শিল্পী আর কারুশিল্পীরা সৃজনশীল কাজ করছেন। সুতরাং সুরের সঙ্গে সুতোর যোগসূত্র তো নিশ্চয়ই আছে।
বস্ত্র শিল্পে আপনার আগ্রহ কীভাবে?
হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি নিয়ে আমার বরাবরের কৌতুহল। সে জন্যই আমরা (দিদি মেহুলের দিকে তাকিয়ে) ‘ঠাকুরাইন’ তৈরি করলাম।
‘ঠাকুরাইন’-এর মূল বৈশিষ্ট্য কি?
এটি নারী-পুরুষ উভয়ের জন্য তৈরি হ্যান্ডলুম ব্র্যান্ড। নিজে ঘুরে ঘুরে বাংলা সহ দেশের নিজস্ব সম্পদকে আমার ভাবনা অনুযায়ী একটা নতুন রূপ দিতে চাই। কলকাতার এক্সজিবিশনে আশা করি মানুষের ভালোবাসা পাব।
একটা রিয়ালিটি শো-তে খাটো পোশাক পরার জন্য সমালোচিতও হয়েছিলেন...
এইসব নিয়ে যাঁরা কথা বলেন তাঁদের দৃষ্টিভঙ্গিটা খুব নীচু।
পুজোয় নতুন গান আসছে?
কাজ চলছে। কিছুদিন আগে সিদ্ধান্ত হয়েছে পুজোয় কিছু একটা করব। সুর করছেন আকাশদীপ সেনগুপ্ত।
বাংলা গান এত কম কেন আপনার?
মাঝখানে বেশ কয়েকটা বছর অসুস্থতার জন্য চলে গেল। এখন আমি অনেকটাই সুস্থ। এর মধ্যে সামান্য সময়ের ব্যাবধানে বাবা, মাকে হারিয়েছি। ওই সময় যদি কিছু করতাম, হয়তো ঠিক মত করতে পারতাম না।
আজকের বাংলা বা হিন্দি কোনো রকম গানেরই স্থায়িত্ব নেই কেন?
(নিজের মোবাইল ফোনটা দেখিয়ে) এই ফোনের জন্য। কালচারাল সোয়াইপিং। আমরা বাঙালিরা একটা দম্ভ নিয়ে বসে আছি যে, আমরাই সব জানি। যেটা সমৃদ্ধি, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিকে রুখে দিয়েছে। যতদিন না এই সবজান্তা মানসিকতা থেকে বাঙালিরা বেরতে পারব, ততদিন তাকিয়ে তাকিয়ে দেখব মহারাষ্ট্র, মালায়লম সিনেমা বা সঙ্গীতের জগতের চমকপ্রদ উত্থান।
অভিনয় কি একদম ছেড়ে দিলেন?
এই তো সব আস্তে আস্তে আবার শুরু করছি।
অরিজিতের প্লে ব্যাক ছাড়ার সিদ্ধান্ত আপনি সমর্থন করেন?
অরিজিতের ইন্ডিপেন্ডেন্ট মিউজিক অসাধারণ। সিনেমায় গান না গাওয়া নিয়ে অবশ্য অরিজিতের সঙ্গে কোনো কথা হয়নি। আমার বিশ্বাস চমকে যাওয়ার মত কিছু দেবে বলেই সিনেমায় গান গাওয়াটা ছেড়ে দিয়েছে।
প্রিয়ব্রত দত্ত