দিল্লিতে প্রথম বাংলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব হিসেবে খ্যাত ‘পিডিএফ শর্টস’-এর তৃতীয় সংস্করণ সম্প্রতি সফলভাবে অনুষ্ঠিত হল। আয়োজনে পূর্ব দিগন্ত ফাউন্ডেশন। দিল্লি ও নয়ডার ২২জন আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর দায়িত্ব গ্রহণ করেছে এই সংস্থা। শুধুমাত্র পাঠ্যশিক্ষা নয়, তাদের মানসিক বিকাশ ও উন্নয়নের পথ সুগম করাই সংস্থার মূল উদ্দেশ্য। চলচ্চিত্রের মাধ্যমে বাংলা সংস্কৃতির সৌন্দর্যকে তুলে ধরাই উৎসবের লক্ষ্য। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে এই বছরের উৎসব উৎসর্গ করা হয়েছে। উপস্থিত ছিলেন পরিচালক সুধীর মিশ্র, অভিনেতা বরুণ চন্দ, চন্দন সেন, দেবশঙ্কর হালদার, দেবলীনা কুমার, পরিচালক রেশমি মিত্র প্রমুখ। এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল কঙ্কনা চক্রবর্তী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রি-রাউটিং’।



