Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বাংলায় প্রাধান্য পাবে বাংলা সিনেমা, ঘোষণা মন্ত্রীর

বাংলায় গুরুত্ব পাবে বাংলা সিনেমা। অন্য ভাষার সিনেমাও চলবে, তবে তা বাংলা ছবিকে অবহেলা করে নয়। বৃহস্পতিবার নন্দনে টলি পাড়ার কলাকুশলীদের সঙ্গে বৈঠকের পর এমনই জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

বাংলায় প্রাধান্য পাবে বাংলা সিনেমা, ঘোষণা মন্ত্রীর
  • ৭ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

কলকাতা: বাংলায় গুরুত্ব পাবে বাংলা সিনেমা। অন্য ভাষার সিনেমাও চলবে, তবে তা বাংলা ছবিকে অবহেলা করে নয়। বৃহস্পতিবার নন্দনে টলি পাড়ার কলাকুশলীদের সঙ্গে বৈঠকের পর এমনই জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন দুপুর ১২টা থেকে শুরু হয়েছিল বৈঠক। উপস্থিত ছিলেন দেব, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ। বৈঠকে সদর্থক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সকলেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিয়েছেন তাঁরা।

Advertisement

বাংলা ছবির শো টাইম নিয়ে দীর্ঘদিন ধরেই তরজা চলছে। বলিউডের বড় কোনও ছবি মুক্তি পেলে ‘কোণঠাসা’ হয়ে যায় বাংলা সিনেমা। এই অভিযোগ নতুন নয়। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে দেব- শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। ধূমকেতুর বক্স অফিস সাফল্য বাংলা ছবির লক্ষ্মীলাভের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন অনেকেই। কিন্তু, সমস্যা অন্যত্র। একই দিনে মুক্তি পাবে 'ওয়ার ২'। অভিযোগ, বলিউড ছবিটির পরিবেশকরা নাকি রাজ্যের সিঙ্গল স্ক্রিনগুলির কাছে শর্ত রেখেছে, চারটি শো দিতে হবে হিন্দিকে। অন্য কোনও সিনেমার সঙ্গে শো টাইম ভাগ করা হবে না বলেও দাবি তাদের। এমনটা হলে ‘ধূমকেতু’ প্রাইম টাইম নাও পেতে পারে। এরপরই গতকাল, বুধবার বাংলা ছবির স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয় টলিউড। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, নিসপাল সিং রানে, শ্রীকান্ত মোহতারা। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী অরূপ বিশ্বাস বৈঠক করেন সকলের সঙ্গে। বৈঠক ইতিবাচক হয়েছে বলেই জানা গিয়েছে।

দেব এদিন বলেছেন, ‘বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করা যায়, ভালো কিছু হবে।’ ঋতুপর্ণা বলেন, ‘আমার একাধিক ছবি ভালো ফল করা সত্ত্বেও হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এমন চলতে থাকলে নতুন পরিচালক, প্রযোজকরা বাংলায় সিনেমা বানাবেন কীভাবে? তাই বাংলা ছবির স্বার্থে আজকের বৈঠক গুরুত্বপূর্ণ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ