Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কমাবে সুগার, রুখবে ক্যান্সারও! ইনসুলিন সমৃদ্ধ ৮ প্রজাতির উচ্ছে ‘আবিষ্কার’ বাঙালি কৃষিবিজ্ঞানীর

‘আবিষ্কৃত’ হল উচ্ছের আটটি নতুন প্রজাতি। কামাল করলেন এক বাঙালি কৃষিবিজ্ঞানী। সব মিলিয়ে ১০ বছরের গবেষণার ফসল এগুলি।

কমাবে সুগার, রুখবে ক্যান্সারও! ইনসুলিন সমৃদ্ধ ৮ প্রজাতির উচ্ছে ‘আবিষ্কার’ বাঙালি কৃষিবিজ্ঞানীর
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশ্বজিৎ দাস, কলকাতা: ‘আবিষ্কৃত’ হল উচ্ছের আটটি নতুন প্রজাতি। কামাল করলেন এক বাঙালি কৃষিবিজ্ঞানী। সব মিলিয়ে ১০ বছরের গবেষণার ফসল এগুলি। এর মধ্যে ‘সিবিএমএইচ ১২’ এবং ‘সিবিএমএইচ ১০’— এই দুই নতুন প্রজাতির উচ্ছে সর্বাপেক্ষা ‘গুণী’। এমনটাই দাবি করেছেন আবিষ্কর্তা তথা বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ডঃ চিত্তরঞ্জন কোলে। চিত্তরঞ্জনবাবুকে এ কাজে সাহায্য করেছেন তাঁর স্ত্রী ফুল্লরা কোলে। কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও রাজা রামান্না ফেলো। তাঁর দাবি, আমেরিকার ক্লেমসন বিশ্ববিদ্যালয়ে গবেষণাকালে সেখানকার গ্রিনহাউসে উচ্ছেগুলি তৈরি করা হয়। পরে সেগুলিকে ভারতীয় মাটিতে ফলানো হয়েছে। গুণগত মান যাচাই করেও দেখা হয়েছে। সরকার বা চাষিরা চাইলে তিনি বীজ, উৎপাদনের পদ্ধতি দেখিয়ে দিয়ে সর্বতোভাবে সাহায্য করতি রাজি। 

Advertisement

নতুন উচ্ছেগুলি প্ল্যান্ট ইনসুলিন-এ ভরপুর। সুগার প্রতিরোধে অত্যন্ত কার্যকর। রয়েছে ক্যান্সার বিরোধী উপাদানও। ২৪ এপ্রিল গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে বিশিষ্ট জার্নাল ‘ক্রপ ব্রিডিং, জেনেটিক্স অ্যান্ড জেনোমিক্স’-এ।  
দম্পতির দাবি, নতুন উচ্ছেগুলি সম্পূর্ণ জৈবিক উপায়ে তৈরি। ‘সিলেকশন’ এবং ‘ক্রশব্রিডিং’ করে তৈরি করা হয়েছে। সাধারণভাবে বাজারে বেশি পাওয়া যায় ‘মোমোরডিকা চরনসিয়া ভার চরনসিয়া’ প্রজাতির উচ্ছে। আর তাঁরা বেছে নিয়েছিলেন বাড়তি ওষধিগুণে ভরপুর জংলি উচ্ছে ‘মোমোরডিকা চরনসিয়া ভার মুড়িকাটা’। চিকিৎসকরা জানিয়েছেন, উচ্ছে লিভারকে রক্ষা করে। প্রচুর ভিটামিন, মিনারেলস ও অ্যান্টি-অক্সিডেন্টও থাকে। এই সবজি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। অন্যদিকে ডঃ কোলের বক্তব্য, উচ্ছের ৬১ ধরনের ওষধিগুণ রয়েছে! ৩০ ধরনের অসুখের নিরাময় ও নিয়ন্ত্রণ সম্ভব। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এতে রয়েছে তিনটি বিশেষ উপাদান— কিউকারবিটেসিন বি (অ্যান্টি ক্যান্সার), চরনটিন (অ্যান্টি ডায়াবেটিক) ও প্ল্যান্ট ইনসুলিন। কিন্তু বাজারের উচ্ছেতে এইসব গুণগুলি খুব কম পরিমাণে থাকে। এই উপাদানগুলি কীভাবে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? এই চিন্তা থেকেই জংলি উচ্ছের বারবার পরাগ মিলন করিয়ে তিনি পান ৬টি নতুন প্রজাতির উচ্ছে। কিন্তু সেগুলির আকার ও সংখ্যা কোনোটাই বেশি হচ্ছিল না। তখন ‘আবিষ্কৃত’ উচ্ছেগুলির মধ্যে সর্বাপেক্ষা দু’টি উন্নত প্রজাতির সঙ্গে তাইওয়ান হোয়াইট নামের উচ্ছের হাইব্রিড করানো হয়। পাওয়া যায় ‘সিবিএমএইচ ১০’ এবং ‘সিবিএমএইচ ১২’ নামের দুই বিশেষ ধরনের উচ্ছে। যারা সাইজেও বড়ো। গুণেও।

Advertisement
সম্পর্কিত সংবাদ