Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলার নির্বাচনে প্রার্থী বাছাই করতে কেন্দ্রীয় নেতৃত্বে ভরসা বঙ্গ বিজেপির

মাসখানেকের মধ্যেই রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। আগামী মাসের গোড়াতেই রাজ্যে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলার নির্বাচনে প্রার্থী বাছাই করতে  কেন্দ্রীয় নেতৃত্বে ভরসা বঙ্গ বিজেপির
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাসখানেকের মধ্যেই রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। আগামী মাসের গোড়াতেই রাজ্যে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে একপ্রকার দুর্বল সংগঠন নিয়েই নির্বাচনী প্রস্তুতির কাজে ঝাঁপাতে চাইছে রাজ্য বিজেপি। সেইমতো ভোট প্রস্তুতির অন্যতম প্রধান অঙ্গ প্রার্থী বাছাই নিয়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করতে মরিয়া বাংলার গেরুয়া শিবির। রাজনৈতিক সূত্রে খবর, রাজ্যের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য সর্বাধিক এক হাজার দলীয় প্রার্থীর নাম দিল্লিতে কেন্দ্রীয় পার্টির কাছে পাঠাতে চলেছে বঙ্গ বিজেপি। 

Advertisement

দলের নিয়মমতো প্রার্থী তালিকা ঘোষণা করা হবে দিল্লি থেকে। কিন্তু ঝাড়াই বাছাইয়ের মূল দায়িত্ব থাকে দলের সংশ্লিষ্ট রাজ্য কমিটিগুলির কাঁধেই। অর্থাৎ, সম্ভাব্য দলীয় প্রার্থী হিসাবে শ’য়ে শ’য়ে নাম দিল্লিতে পাঠিয়ে দিয়ে রাজ্য বিজেপি আদতে বুঝিয়ে দিচ্ছে, এবিষয়েও তারা কেন্দ্রীয় পার্টির সরাসরি হস্তক্ষেপ ছাড়া এক পাও এগোতে পারছে না। অন্তত এমনই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের। ফলে এসংক্রান্ত চূড়ান্ত ঘোষণার আগে কার্যত খড়ের গাদায় ছুঁচ খোঁজার কাজেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রত্যক্ষ সহযোগিতা চাইছে রাজ্য শাখা। দলীয় সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসেই সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের একেবারে প্রাথমিক কাজ শেষ করতে মরিয়া বিজেপির বঙ্গ ব্রিগেড। আগামী মাসের গোড়াতেই তা পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে। স্বাভাবিকভাবে একে অত্যন্ত লক্ষ্যণীয় বলেই মনে করা হচ্ছে। 
দলের অন্দরের খবর, এক্ষেত্রে প্রধানত মহিলা এবং তরুণদের উপরই প্রাধান্য দিতে চাইছে গেরুয়া শিবির। সম্প্রতি দিল্লিতে রাজ্য বিজেপির প্রত্যেক সাংসদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। ওই বৈঠকে বাংলার প্রত্যেক দলীয় এমপির জন্য ভূপেন্দ্র যাদবের নির্দেশ ছিল যে, সাংসদদের আওতায় যতগুলি বিধানসভা রয়েছে, তার প্রতিটি থেকে সর্বোচ্চ তিনটি করে বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজেপি প্রার্থীর নাম জমা দিতে হবে। কিন্তু সেই ‘নির্দেশ’ মানতে গিয়েই কিছুটা ফাঁপড়ে বঙ্গ বিজেপি।
এই মুহূর্তে লোকসভায় বঙ্গ বিজেপির সাংসদ রয়েছেন সাকুল্যে ১২ জন। প্রতি লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা আসন রয়েছে ধরে নিলে বঙ্গ বিজেপির এমপিদের দায়িত্বে রয়েছে মাত্র ৮৪টি আসন। বাকি আরও ২১০টি বিধানসভা আসন নিয়ে কীভাবে এগনো যাবে, তা নিয়েই সমস্যায় পড়তে হচ্ছে বিজেপি। এহেন পরিস্থিতিতেই সংশ্লিষ্ট জেলা কমিটিগুলির সঙ্গে আলোচনা সাপেক্ষে সবমিলিয়ে প্রায় এক হাজার সম্ভাব্য দলীয় প্রার্থীর নাম দিল্লিতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ, প্রতি বিধানসভা কেন্দ্র থেকে গড়ে সেই তিনটি করে নামই পাঠানো সম্ভব হবে। এর ফলে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশও পালন করা গেল, আবার মূল ঝাড়াই বাছাইয়ের দায়িত্বও বঙ্গ বিজেপিকে নিতে হল না!

Advertisement
সম্পর্কিত সংবাদ