নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদে বাদল অধিবেশন শেষ। এই পর্বেও সম্মিলিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হল না বঙ্গ বিজেপির সাংসদদের। বরং আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতেই দিশাহারা গেরুয়া শিবির। শুধু তাই নয়, নরেন্দ্র মোদির সঙ্গে আলাদাভাবে এমপিদের একাংশের সাক্ষাৎ ঘিরেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। বৃহস্পতিবার পৃথকভাবে মোদির সঙ্গে দেখা করেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। দলীয় সূত্রের দাবি, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তারই প্রেক্ষিতে সাংগঠনিক একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন জগন্নাথবাবু। যদিও সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক না হওয়ার বিষয়ে বঙ্গ বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি। নামপ্রকাশে অনিচ্ছুক সাংসদদের একাংশের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে একযোগে সাক্ষাৎ করতে হলে সেইমতো পরিকল্পনা করা প্রয়োজন। চাইলেই দেখা হবে, এমনটা হয় না। সেই প্রস্তুতি বা সমন্বয় কিছুই ছিল না। সূত্রের খবর, ইতিমধ্যে এই বিষয়ে বঙ্গ বিজেপি শিবিরে কিছুটা অসন্তোষের আবহ তৈরি হয়েছে। তবে বিজেপি সাংসদের অপর একটি অংশের দাবি, প্রতিবারই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হবে, এমন কোনও কথা নেই। মুখে যাই বলা হোক না কেন, আজ, শুক্রবার রাজ্যে প্রধানমন্ত্রীর সভামঞ্চে তাঁরা ডাক পাবেন কি না, তা নিয়ে বৃহস্পতিবার ‘উচাটন’ ছিলেন এমপিদের একাংশ।



