নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার সন্ধ্যায় শ্যুটআউটের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল বেলঘরিয়ায়। দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন বিকাশ সিং ও সন্তু দাস। এঁদের মধ্যে বিকাশ স্থানীয় তৃণমূল কর্মী বলে পরিচিত। দু’জনকেই প্রথমে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বিকাশকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেলঘরিয়া থানার কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের চারনম্বর রেলগেট সংলগ্ন চায়ের দোকানে। আগরপাড়ার বাসিন্দা সন্তু দাস স্ত্রীকে সঙ্গে ডাক্তার দেখাতে এসে ওই দোকানে চা খাচ্ছিলেন। পাশেই ছিলেন বিকাশ। পুলিস সূত্রে খবর, একটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতী এসে বিকাশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বিকাশের পেটে ও সন্তুর কোমরে গুলি লাগে। পুলিস দুষ্কৃতীদের বাইকটি আটক করলেও আততায়ীরা পলাতক। তল্লাশি শুরু হয়েছে। -নিজস্ব চিত্র



