নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছিল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। গত ১৬ জানুয়ারি ওই শ্রমিকের মৃতদেহ মুর্শিদাবাদের বেলডাঙায় এলে তা নিয়ে ব্যাপক গন্ডগোল হয়। ওই ঘটনায় গ্রেপ্তার হয় ৩৬ জন। কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই মামলার তদন্তভার তুলে দেয় এনআইএ’র হাতে। কিন্তু গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বৃহস্পতিবার মুর্শিদাবাদের জেল থেকে কলকাতার আদালতে হাজির না করানোয় এনআইএ আদালতের বিচারক সুকুমার রায় উষ্মা প্রকাশ করেন। কেন ধৃতদের আদালতে হাজির করানো হল না? উত্তরে এনআইএ’র তরফে জানানো হয়, জেল থেকে তাদেরকে জানানো হয়েছে, জেলা পুলিশের কাছ থেকে উপযুক্ত পুলিশি এসকর্ট না পাওয়ার কারণেই অভিযুক্তদের কলকাতার আদালতে হাজির করা সম্ভব হয়নি। এরপরই বিচারক আগামী ১২ ফেব্রুয়ারি ধৃতদের কলকাতার এনআইএ আদালতে হাজির করানোর জন্য সংশ্লিষ্ট জেল সুপারকে নির্দেশ দেন। পাশাপাশি উপযুক্ত পুলিশ এসকর্ট দেওয়ার জন্য জেলা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেন।



