Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গায় বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি দিতে না চাওয়ায় মার

দেগঙ্গায় বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি দিতে না চাওয়ায় মার
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ‘বাংলার বাড়ি’ প্রকল্পে কাটমানি দিতে নারাজ হওয়ায় এক উপভোক্তাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার চাকলা পঞ্চায়েতের রায়পুর গ্রামের পূর্বপাড়ায়। আক্রান্ত নাসির আলি এনিয়ে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিন রাতে দেগঙ্গা থানায় পাল্টা অভিযোগ করেন অভিযুক্ত তৃণমূল নেতা আব্দুল হান্নানও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়পুর পূর্বপাড়ায় ২২ জন উপভোক্তা ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা পেয়েছেন। সিংহভাগ উপভোক্তা দ্বিতীয় দফার টাকাও পেয়ে গিয়েছেন। তবে বেশ কয়েকজন গ্রাহকের অভিযোগ, আবাসের টাকা থেকে কাটমানি চাইছেন পঞ্চায়েত সদস্যা নার্গিস বেগমের স্বামী আব্দুল হান্নান। টাকা দিতে অস্বীকার করায় রবিবার সকালে নাসিরকে মারধর করা হয় বলে অভিযোগ। তিনি বলেন, ‘বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা আসতেই আব্দুল হান্নান আমার কাছে পাঁচ হাজার টাকা চায়। আমি সেই টাকা দিতে অস্বীকার করি। তাই এদিন সকালে আমাকে মারধর করে।’ শুধু তিনি নন, এলাকার বেশ কয়েকজনের সঙ্গেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি নাসিরের। এদিকে অভিযুক্ত আব্দুল হান্নান বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ছেলেটি নেশা করে। কোনও টাকা আমি চাইনি। সরকারি টাকা নিয়ে নয়ছয় করছে। আমিও নাসিরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাব। ওকে প্রমাণ করতে হবে, আমি ওর কাছ থেকে কবে টাকা নিয়েছি বা চেয়েছি।’ তাঁর দাবি, এলাকায় বেআইনিভাবে গাছ কাটার প্রতিবাদ করার কারণেই তৃণমূলেরই একাংশের মদতে তাঁকে এবং দলকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ