লড়াই ও জয়ের জন্য তৈরি থাকুন, বাহিনীকে নির্দেশ বায়ুসেনা প্রধানের
  • ২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শনিবারই পূর্বসূরি এ পি সিংয়ের থেকে বায়ুসেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। ২৪ ঘণ্টার মধ্যেই বাহিনীকে লড়াই ও যুদ্ধজয়ের জন্য সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিলেন তিনি। রবিবার বায়ুসেনা প্রধান জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের দায়িত্ব অনেক বেশি। সেই সঙ্গে ড্রোন, দূরপাল্লার অস্ত্র, মহাকাশ, সাইবার, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিগত সংযোজন যুদ্ধের সামগ্রিক চিত্রকে সম্পূর্ণ বদলে দিয়েছে। বায়ুসেনাতে বিপুল পরিবর্তন আসছে। আগামী দিনে এই বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। তাই প্রত্যেক স্কোয়াড্রন, প্রতিটি এয়ার ডিফেন্স ইউনিট, বায়ুসেনার সমস্ত সদস্যকে সবসময় লড়াই ও যুদ্ধ জয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। দায়িত্ব গ্রহণের পরই মূল লক্ষ্য পরিষ্কার করে দিয়েছেন দেশের ২৯তম বায়ুসেনা প্রধান। এব্যাপারে তাঁর মন্ত্র হল ‘বায়ু’ (ভিএওয়াইইউ)। ‘ভি’ হল ভিজিল্যান্স বা নজরদারি। তার সঙ্গে অপারেশনের জন্য সদাসর্বদা প্রস্তুতি। ‘এ’র অর্থ আত্মনির্ভরতা। ভারতীয় সেন্সার, প্ল্যাটফর্ম ও সমরাস্ত্রকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। ‘ওয়াই’ বলতে ‘যুক্তি’র কথা উল্লেখ করেছেন বায়ুসেনা প্রধান। এখানে মূলত কৌশলগত উদ্ভাবনের কথা তুলে ধরা হয়েছে। শেষ অর্থাৎ ‘ইউ’ হল ইউনিটি বা একতার উপর ভিত্তি করে জল, স্থল ও আকাশ—তিন বাহিনীর সমন্বয়ের বার্তা  দিয়েছেন এয়ার চিফ মার্শালের।

Advertisement