Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিদ্যুৎ চুরির অভিযোগে সপা সাংসদকে ১.৯১ কোটি টাকা জরিমানা!

বিদ্যুৎ চুরির অভিযোগে সপা সাংসদকে ১.৯১ কোটি টাকা জরিমানা!
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ, ২০ ডিসেম্বর: বিদ্যুৎ চুরির অভিযোগে সম্ভলের সপা সাংসদ জিয়াউর রহমান বার্কেকে ১.৯১ কোটি টাকা জরিমানা! এই বিশাল পরিমাণ জরিমানা ধার্য করেছে উত্তরপ্রদেশের বিদ্যুৎ দপ্তর। এমনকী সপা সাংসদের বাবার বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। কারণ হিসেবে উত্তরপ্রদেশের বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, সাংসদের বাড়িতে যে বৈধ বিদ্যুতের সংযোগ রয়েছে, তার মিটারের সর্বোচ্চ ধারণ ক্ষমতা মাত্র ২ কিলোওয়াট। অথচ, তাঁর বাড়িতে বিদ্যুত খরচ হচ্ছে ১৬,৪৮০ ওয়াট! এই বিষয়ে প্রথমে সরব হন  মহকুমাশাসক সন্তোষ ত্রিপাঠী। থানায় এই বিষয়ে অভিযোগও দায়ের করেছিলেন তিনি। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই সাংসদের বাড়িতে যান বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা। তখনই পুরো বিষয়টি তাঁদের কাছে স্পষ্ট হয়। দেখা যায়, সমাজবাদী পার্টির সাংসদের বাড়িতে যে বৈধ বিদ্যুতের লাইন রয়েছে তার সঙ্গে যুক্ত নয় এমন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে বাড়িতে এসি, ফ্রিজ চালাচ্ছিলেন সপা সাংসদ। সেই বিষয়টি বুঝতে পেরে ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেন আধিকারিকরা। গতকাল, বৃহস্পতিবার সম্ভলের সাংসদের বাড়িতে স্মার্ট মিটার লাগাতে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। অভিযোগ, তখন সাংসদের বাবা তাঁদের হুমকি দেন। তাই সপা সাংসদের বাবার বিরুদ্ধে পুলিসে মামলা দায়ের করেছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। যদিও গোটা বিষয়টি মিথ্যে বলে জানিয়েছেন জিয়াউর রহমান বার্কের আইনজীবী। তিনি জানিয়েছেন, ওঁর বাড়িতে মোট দুটি মিটার আছে। সেই দুটি মিটারের মাধ্যমেই বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। নিজস্ব জেনারেটার রয়েছে, সৌরবিদ্যুতের প্যানেল রয়েছে। বাড়িতে মাত্র চারজন সদস্য। এত পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয় না। গত ২৪ নভেম্বর সম্ভলের জামা মসজিদে অশান্তির ঘটনায় নাম জড়ায় সপা সাংসদ জিয়াউর রহমান বার্কের। তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ