Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিদেশ সফরের আগে দলের বুথ কর্মীদের ভোকাল টনিক মোদির

বিদেশ সফরের আগে দলের বুথ কর্মীদের ভোকাল টনিক মোদির
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যের বিধানসভা ভোটের বাকি মাত্রই তিনদিন। এই চরম সময়ে কি মহারাষ্ট্র নিয়ে প্রবল চাপে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই? শনিবার নাইজেরিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। নাইজেরিয়া, ব্রাজিল, গুয়ানা হয়ে তাঁর পাঁচদিনের সফর শেষ হচ্ছে আগামী ২১ নভেম্বর। কিন্তু এদিন বিদেশ সফর শুরুর আগে আচমকাই মহারাষ্ট্রের দলীয় বুথ কর্মীদের নিয়ে সম্মেলন করলেন তিনি। বিজেপির ‘মেরা বুথ সবসে মজুবত’ কর্মসূচির আওতায় মোদির এদিনের বুথ সম্মেলন নিয়েই প্রবল চর্চার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। কারণ শনিবার মহারাষ্ট্রের 
Advertisement
দলীয় কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন যে, বুথকর্মীরাই বিজেপির আসল সম্পদ। রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটে বিজেপিকে জেতানোর অন্যতম প্রধান দায়িত্ব নিতে হবে আপনাদেরই। আপনারাই সরাসরি মোদির প্রতিনিধিত্ব করছেন। রাজ্যের প্রতিটি বাড়িতে যান। বাসিন্দাদের সঙ্গে কথা বলুন। বিজেপি এবং রাজ্যে তার শরিক দলের সাফল্য তুলে ধরুন। 
শনিবার ভার্চুয়াল মাধ্যমে করা এই বুথ সম্মেলনে নরেন্দ্র মোদি দলের নিচুতলার কর্মীদের সাফ জানিয়েছেন, বিধানসভা ভোটে প্রত্যেক বুথে বিজেপি যাতে জয় লাভ করতে পারে, সেইদিকে কড়া নজর রাখতে হবে আপনাদের। বুথ জয় সুনিশ্চিত করুন। বিষয়টিতে ধন্দে পড়েছে গেরুয়া শিবির। রাজ্য বিজেপির অন্দরেই প্রশ্ন উঠছে যে, নির্বাচনের মাত্রই দিনচারেক আগে কেন এভাবে জনসংযোগ বৃদ্ধি করার কড়া বার্তা দিতে হচ্ছে স্বয়ং মোদিকে? 
যদিও বিজেপির কেন্দ্রীয় পার্টি সূত্রে দাবি করা হয়েছে, মহারাষ্ট্রে 
গেরুয়া শিবিরই যে এগিয়ে রয়েছে, তা বিভিন্ন সময় দলের অভ্যন্তরীণ মূল্যায়নেই স্পষ্ট হয়েছে। ফলে মহারাষ্ট্র নিয়ে বিজেপির অন্দরে কোনওরকম সংশয় নেই। যেহেতু প্রধানমন্ত্রীর বিদেশ সফর শেষ হচ্ছে ভোটের পরে, তাই যাওয়ার আগে কর্মীদের ভোকাল টনিক দিয়ে গেলেন তিনি। এর মধ্যে অন্য কোনও রাজনৈতিক জল্পনা নেই। 
সম্পর্কিত সংবাদ