Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধাননগরে ডিজিটাল অ্যারেস্টে ১ কোটি ৭৪ লক্ষ টাকা লোপাট

বিধাননগরে ডিজিটাল অ্যারেস্টে ১ কোটি ৭৪ লক্ষ টাকা লোপাট
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আর্থিক তছরুপের অভিযোগে ডিজিটাল অ্যারেস্ট! শুধু পুলিস বলে হুমকি ফোন নয়, বিভিন্ন এজেন্সি থেকেও পাঠানো হয়েছিল অভিযোগের চিঠি! তাতেই ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন বিধাননগর কমিশনারেটের এক বাসিন্দা। গ্রেপ্তারি এড়াতে তিনি ১ কোটি ৭৪ লক্ষ টাকা দিয়েও দিয়েছিলেন। পরে বুঝতে পারেন, যাঁরা তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করেছিলেন, তাঁরা কেউই পুলিস নন! তাঁরা প্রতারক! ওই ঘটনার তদন্তে নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস গুজরাতের সুরাত থেকে এই চক্রের পান্ডাকে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম গোন্ডালিয়া দীপেন ভিনোদভাই। বয়স ২৭ বছর। ট্রানজিট রিমান্ডে তাঁকে নিয়ে আসা হয়েছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২৫ জানুয়ারি প্রতারিত ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় ডিজিটাল অ্যারেস্ট নিয়ে অভিযোগ দায়ের করেন। তিনি পুলিসকে জানান, তাঁর সঙ্গে ১ কোটি ৭৪ লক্ষ ১০ হাজার ৫০০ টাকার প্রতারণা করা হয়েছে। ওই অভিযোগের তদন্তে নেমে পুলিস সম্প্রতি জানতে পারে, গুজরাত থেকেই এই প্রতারণা করা হয়েছে। বিধাননগর থেকে পুলিসের একটি টিম সুরাতে পৌঁছয়। সেখান থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তদন্তে পুলিস জানতে পেরেছে, ধৃত যুবক প্রতারণার পৌনে ২ কোটি টাকা থেকে ২৫ লক্ষ টাকার সোনার গয়নাও কিনেছে!
কীভাবে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছিল? পুলিস জানতে পেরেছে, প্রতারকরা ওই ব্যক্তিকে প্রথমে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার প্রতিনিধি পরিচয় দিয়ে ফোন করছিলেন। তাঁকে বলা হয়েছিল, আগামী ২ ঘণ্টার মধ্যে আপনার সিমকার্ড ব্লক করে দেওয়া হচ্ছে। তার কিছুক্ষণ পর প্রতারকরা ফের ফোন করে বলেন, মুম্বইয়ের আঁধেরি থানা থেকে বলছি। আপনার বিরুদ্ধে একাধিক আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। সেগুলির ওয়ারেন্টও ইস্যু হয়ে গিয়েছে। তারপর বিভিন্ন এজেন্সির নাম করেও তাঁকে চিঠি পাঠানো হয়। সেখানেও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানানো হয়। তারপরই প্রতারকদের পাতা ফাঁদে পা দেন ওই ব্যক্তি। তিনি নিজের ফিক্সড ডিপোজিট ভেঙে ওই বিপুল পরিমাণ টাকা দিয়ে দেন।
বিধাননগরের গোয়েন্দা প্রধান সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, ধৃতের কাছ থেকে মোবাইল এবং ডেবিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। তার বিভিন্ন অ্যাকাউন্টে থাকা ১৫ লক্ষ টাকা ফ্রিজও করা হয়েছে। তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ