নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক বধূকে খুনের চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল গোবরডাঙা থানার পুলিস। ধৃতদের নাম সৌমেন দাস (৩২) ও বিষ্ণু সর্দার (৩৫)। তাঁদের বাড়ি গোবরডাঙা থানার জানাপুল এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জানাপুল এলাকায় আরতি রায় নামে এক বধূর সঙ্গে অশান্তি হয় সৌমেন দাসের। তখন সৌমেন তাঁর বন্ধু বিষ্ণুকে সঙ্গে ধারালো ভারী অস্ত্র নিয়ে আরতির উপর হামলা চালান বলে অভিযোগ।
Advertisement
গুরুতর জখম অবস্থায় আরতিকে হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। অভিযোগ দায়ের হয় থানায়। এরপরেই অভিযুক্ত সৌমেন ও বিষ্ণুকে গ্রেপ্তার করে পুলিস। মারধরের ঘটনায় ব্যবহৃত ভারী অস্ত্রও উদ্ধার করেছে তারা। মঙ্গলবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।



