নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুলিসের প্রশিক্ষণের গ্রেনেড ফেটে জখম দুই কিশোর। শুক্রবার বাদুড়িয়ার এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, আচমকা আইন-শৃঙ্খলার অবনতি হলে কালারিং গ্রেনেড ফাটিয়ে পরিস্থিতির সামাল দেয় পুলিস। শুক্রবার সকাল থেকে এরই প্রশিক্ষণ চলছিল বাদুড়িয়ার আরবেলিয়া এলাকার একটি মাঠে। কিন্তু, প্রশিক্ষণ শেষ হয়ে গেলেও দু’টি না-ফাটা গ্রেনেড সেখানেই পড়ে ছিল। মাঠে খেলতে গিয়ে সেগুলি বল ভেবে বাড়িতে নিয়ে যায় দুই কিশোর। সেই গ্রেনেড ফেটেই জখম হয়েছে তারা। জখম এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বসিরহাট পুলিস জেলার সুপার হোসেন মেহেদি রহমান জানিয়েছেন, ‘কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।’



