Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাদুড়িয়ায় টাকার বিনিময়ে মণ্ডল সভাপতি বাছাই করার অভিযোগ

বাদুড়িয়ায় টাকার বিনিময়ে মণ্ডল সভাপতি বাছাই করার অভিযোগ
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিজেপিকে। ক’দিন আগেই দলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের নামে আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছিল। এবার তাঁর বিরুদ্ধে উঠল টাকার বিনিময়ে মণ্ডল সভাপতি করার অভিযোগ। এনিয়ে পোস্টার পড়েছে দলীয় কার্যালয়ে। শুধু পোস্টার নয়, তাঁর ‘দুর্নীতি’র বিরুদ্ধে সরব হয়ে পার্টি অফিসে তালাও ঝুলিয়েছেন বিক্ষুব্ধ কর্মীরা। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে বাদুড়িয়ায়।
Advertisement
বিজেপির বাদুড়িয়া পুর মণ্ডলের নতুন সভাপতি হয়েছেন বিশ্বজিৎ পাল ওরফে ছোট। তাঁকে মন থেকে মেনে নিতে পারছেন না পাল্টা গোষ্ঠীর লোকজন। শনিবার তাঁর বিরোধিতা করে পোস্টার পড়েছে বাদুড়িয়া মণ্ডল কার্যালয়ে। শুধু তাই নয়, তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছে পার্টি অফিসে। পোস্টারে লেখা, ‘বসিরহাট জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ টাকার বিনিময়ে বাদুড়িয়া বিজেপির পুর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পালকে (ছোট) নিযুক্ত করেছেন। আমরা বিজেপি কর্মীরা এটা কোনওভাবেই মেনে নেব না। তাই পার্টি অফিসে তালা মারলাম।’ ওই পোস্টারের নীচে লেখা, বাদুড়িয়া বিধানসভা বিজেপি কর্মীবৃন্দ।
এনিয়ে বিশ্বজিৎ পাল বলেন, দলীয় কর্মীদের ভোটের মাধ্যমেই আমি সভাপতি নির্বাচিত হয়েছি। কাউকে কোনও টাকা দিইনি। তৃণমূল ষড়যন্ত্র করে রাতের অন্ধকারে এই ধরনের পোস্টার সেঁটেছে। এদিকে, দলীয় কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় আজব যুক্তি তুলে ধরেছেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ। তিনি বলেন, ওই পার্টি অফিস রয়েছে ভাড়াবাড়িতে। ভাড়া বাকি থাকায় মালিক এই কাণ্ড ঘটিয়েছেন। তাঁর কাছে সময় চাওয়া হয়েছিল। কিন্তু, তার আগেই এই ঘটনা। আমার ভাবমূর্তি কালিমালিপ্ত করতে এটা করা হয়েছে। তিনি আরও বলেন, মণ্ডল সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে জেলা সভাপতির কোনও ভূমিকা থাকে না। তাহলে টাকার প্রশ্ন এল কী করে! এ বিষয়ে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি নিজেদের দোষ ঢাকতে তৃণমূলের ঘাড়ে দায় চাপাচ্ছে। ওদের দলে কে নেতা হবেন, তা নিয়ে লড়াই চলছে। ফলে যা হওয়ার তাই হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ