Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিচারকের দিকে জুতো ছুড়ল খুনে অভিযুক্ত

বিচারকের দিকে জুতো ছুড়ল খুনে অভিযুক্ত
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
থানে: খুনের মামলার শুনানি চলছিল। আচমকা বিচারকের দিকে জুতো ছুড়ল অভিযুক্ত। তবে জুতোটি বিচারকের গায়ে লাগেনি। তাঁর ডেস্কের সামনে লেগে পড়ে যায় বেঞ্চক্লার্কের সামনে। মহারাষ্ট্রের থানের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে, ২২ বছরের ওই অভিযুক্তের নাম কিরণ সন্তোষ ভরম। একটি খুনের মামলায় তাঁকে থানের কল্যাণে জেলা আদালতে পেশ করা হয়েছিল। বিচারক আর জি ওয়াঘমারের এজলাসে চলছিল শুনানি। সেই সময় অভিযুক্ত মামলাটি অন্য কোনও আদালতে পাঠানোর অনুরোধ করে। বিচারক তাকে পরামর্শ দেন, আইনজীবী মারফৎ এই বিষয়ে আবেদন জানাতে। তার আইনজীবী হিসেবে কে উপস্থিত, খোঁজ করেন বিচারক। কিরণের পক্ষে কোনও আইনজীবী সেখানে উপস্থিত ছিলেন না। সেজন্য কোনও আইনজীবীকে বেছে নিতে বলেন বিচারক। ঠিক সেই সময় বিচারককে লক্ষ্য করে জুতো ছুড়ে মারে অভিযুক্ত। সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত দাবি করেছে, হতাশা থেকেই সে এই কাজ করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ