চার বছরের অপেক্ষার অবসান। আসতে চলেছে ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ সিজন ২। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত সিরিজটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। তারপর থেকেই শুরু হয়েছিল অপেক্ষার প্রহর গোনা। অবশেষে শুক্রবার ঘোষণা হল, শীঘ্রই মুক্তি পাবে পরের সিজন। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে লেখা হয়েছে, ‘হাতুড়ি দিয়ে ইন্টারনেট ভাঙতে প্রস্তুত।’ যাঁরা ‘পাতাললোক’ দেখেছেন, তাঁরা জানেন, ‘হাতোড়া ত্যাগী’ এই সিরিজের এক বিখ্যাত চরিত্র। ‘হাতুড়ি’ তার অস্ত্র। নতুন সিজনের ঘোষণায় হাতুড়ির প্রসঙ্গ দেখে নানা জল্পনা ছড়িয়েছে দর্শক মনে। সূত্রের খবর, দ্বিতীয় সিজনে জয়দীপ আহলওয়াত, ঈশ্বক সিং, তিলোত্তমা সোমকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, আগামী বছর শুরুতেই মুক্তি পাবে এই জনপ্রিয় সিরিজের পরবর্তী অংশ।



