সংবাদদাতা, বজবজ: মহেশতলার বাটা থেকে বজবজ পুরসভার উপর দিয়ে পুজালি পর্যন্ত বিবিটি রোডের হাল খুবই খারাপ হয়ে গিয়েছে। সব মিলিয়ে প্রায় ১২ কিলোমিটারের এই দীর্ঘ রাস্তার সংস্কার জরুরি। তিন পুরসভার প্রশাসনিক কর্তাদের কথায়, বজবজ ট্রাঙ্ক রোডের এই অংশ দীর্ঘদিন ধরে জোড়াতাপ্পি দিয়ে সংস্কার করা হলেও তা শক্তপোক্তভাবে কখনও হয়নি। এদিকে রাস্তাটি দিয়ে রোজ অগুনতি ভারী ও হাল্কা পণ্যবাহী গাড়ি চলাচল করে। ফলে রাস্তার স্বাস্থ্য বেশিদিন ভাল থাকে না। বিশেষ করে এই ১২ কিলোমিটারের ভিতর যেখানে যেখানে ব্যস্ত মোড় রয়েছে, বড় বড় ভারী যান বাঁক নেয়, সেই সব অংশ বেশি করে বেহাল হয়ে গিয়েছে। বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। এ নিয়ে পুজালি, বজবজ এবং মহেশতলা পুরসভার শীর্ষকর্তারা অনেকদিন ধরেই পূর্তদপ্তরের কাছে দরবার করেছেন। তাঁদের দাবি, এবার ১২ কিলোমিটারের এই রাস্তা যেন শক্তপোক্তভাবে মেরামত করা হয়।
পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, এতদিন রাস্তার এই অংশটি আলিপুর ডিভিশনের হাতে ছিল। এখন তা চলে এসেছে পূর্তর দক্ষিণ ২৪ পরগনা ডিভিশনের হাতে। এই ডিভিশন ইতিমধ্যেই রাস্তাটির ডিপিআর তৈরি করে নবান্নে জমা দিয়েছে। এতদিন শুধু বিটুমিনাসের একটি স্তর চাপিয়ে রাস্তার সংস্কার হতো। এবার তার পরিবর্তন হচ্ছে। রাস্তাটি পাকাপোক্তভাবে করতে এর নকশায় নতুনত্ব আনা হচ্ছে। ভারী যান চলাচলের পরেও রাস্তা যাতে দ্রুত ভেঙে না যায়, সেজন্য মোটা করে কয়েক ধাপে সেটি তৈরি হবে। এজন্য খরচ ধরা হয়েছে ২৫ কোটি টাকা। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের এক শীর্ষ কর্তা বলেন, অর্থদপ্তর থেকে ইঙ্গিত দিয়েছে যে, অর্থ মঞ্জুর হয়েছে। খুব শীঘ্রই এর ‘অর্ডার’ বের হবে। তাই ‘প্রি টেন্ডার’ প্রক্রিয়ার কাজ তৈরির জন্য নির্দেশ এসেছে। যাতে ‘জি ও’ বের হলেই ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া যায়। আসলে পূর্তদপ্তরও চাইছে দ্রুত বিবিটি রোডের সংস্কার হোক, যাতে আমজনতার দুর্দশার লাঘব হয়।