কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামার আগেই পাকিস্তানকে পিছনে ফেলে দিল ভারত। আইসিসি একদিনের ক্রিকেটের ব়্যাঙ্কিংয়ে পাকিস্তানের ব্যাটার বাবর আজমকে সিংহাসনচ্যুত করে শীর্ষ স্থান দখল করলেন তরুণ ভারতীয় ব্যাটসম্যান শুভমান গিল। আজ, বুধবার এই তালিকা প্রকাশ করেছে আইসিসি। তালিকায় এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেন গিল। এর সুবাদেই বাবরকে টপকে প্রথম স্থানে চলে এলেন তরুণ ভারতীয় ব্যাটার। এই গোটা সিরিজে দুটি হাফসেঞ্চুরি করেছেন গিল। পাশাপাশি, দুরন্ত একটি সেঞ্চুরিও করেছেন তিনি। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে তিনি করেন ৮৭ রান, দ্বিতীয় ম্যাচে করেন ৬০ রান এবং শেষ ম্যাচে করেন ১১২ রান। এর ফলে ৭৯৬ রেটিং পয়েন্ট পেয়ে বাবরকে টপকে যান গিল। বাবরের বর্তমান রেটিং পয়েন্ট ৭৭৩। উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে এই স্থান দখল করলেন গিল। ২০২৩ সালের বিশ্বকাপের সময় প্রথমবার তিনি শীর্ষ স্থান দখল করেন।



