নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাসের ব্লাইন্ড স্পট এড়িয়ে চলতে হবে— পথ নিরাপত্তা সপ্তাহে বিবেকানন্দ কলেজের পড়ুয়াদের এই বার্তা দিল কলকাতা পুলিস। শহরজুড়ে পরপর দুর্ঘটনার জেরে শুক্রবার ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। সেখানে পড়ুয়াদের পাশাপাশি উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকারা এবং ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের ওসি ও অ্যাডিশনাল ওসি। কলেজের শিক্ষক তথা এনএসএস ইউনিটের প্রধান আকাশ শ বলেন, তরুণ প্রজন্ম দ্রুত গতির প্রতি আসক্ত হয়ে পড়ে। তাঁর জন্য পথ নিরাপত্তা প্রধান অগ্রাধিকার। অন্যদিকে, ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের ওসি সৌমিক সেনগুপ্ত বলেন, বাইকচালক ও আরোহীদের হেলমেট পরার দিকে আরও বেশি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।



