Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কৌন্দের চোট চিন্তা বাড়াল বার্সেলোনার, ইয়ামালের প্রশংসায় ইনজাঘি

কৌন্দের চোট চিন্তা বাড়াল বার্সেলোনার, ইয়ামালের প্রশংসায় ইনজাঘি
  • ৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বার্সেলোনা: ১৭ বছর বয়সির খেলায় লায়োনেল মেসির ছোঁয়া পাওয়া যায়। কিন্তু আর্জেন্তাইন মহাতারকার সঙ্গে তুলনা একেবারেই না পসন্দ লামিনে ইয়ামালের। তাঁর কথায়, ‘মেসি তো ইতিহাসের সেরা। তাঁর সঙ্গে তুলনা বেমানান।’ কিন্তু মুখে যাই বলুন না কেন, মাঠে এই তরুণের ম্যাজিক যে মেসিকেই মনে করায়। বুধবার রাতেও তো ইন্তার মিলানের ডিফেন্ডারদের নাজেহাল করে ছাড়লেন একা ইয়ামাল। ৩-৩ গোলে ড্র হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগ। নায়ক ডেমফ্রিজ হলেও ফুটবল আড্ডায় চর্চার কেন্দ্রে স্প্যানিশ মহাপ্রতিভা।

Advertisement

প্রতিপক্ষ কোচ সিমোনে ইনজাঘি পর্যন্ত প্রশংসায় ভরিয়েছেন তরুণ তুর্কিকে। ‘লামিনে এমনই প্রতিভা, বিশ্ব ফুটবলে যারা ৫০ বছরে একবার আসে। ওর খেলা সামনে থেকে দেখার সুযোগ পেয়ে আমি মুগ্ধ। আমাদের বারবার বিপদে ফেলেছে। ওকে রুখতে সর্বদা দু’জন ডিফেন্ডারকে পাহারায় রেখেছিলাম। তাতেও খুব একটা লাভ হয়নি।’ অথচ, বুধবার লামিনের খেলা নিয়েই শঙ্কা জেগেছিল। ওয়ার্ম-আপের সময় কুঁচকিতে সমস্যা হওয়ায় কিছুক্ষণের জন্য মাঠ ছেড়েছিলেন তিনি। তবুও তাঁকে প্রথম একাদশে রেখেই দল সাজান বার্সা কোচ ফ্লিক।
প্রথম মিনিটেই ব্যাক হিলে গোল করে  ইন্তারকে এগিয়ে দেন মার্কাস থুরাম (১-০)। তার রেস কাটার আগেই ২১ মিনিটে দুরন্ত সাইড ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন ডেমফ্রিজ (২-০)। কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বার্সাকে একা টেনে তুললেন লামিনে। ২৪ মিনিটে প্রতিপক্ষের বেশ কয়েকজন ফুটবলারকে কাটিয়ে বাঁ পায়ের দুরন্ত বাঁক খাওয়ানো শটে লক্ষ্যভেদ স্পেনের এই তরুণের (২-১)। এরপর ৩৮ মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফেরে হোম টিম (২-২)। তবে দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে ফের ইন্তারকে এগিয়ে দেন ডামফ্রিজ (৩-২)। যদিও তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিড। দু’মিনিটের মধ্যে বক্সের বাইরে থেকে রাফিনহার দূরপাল্লার শট বারে প্রতিহত হওয়ার পর ইন্তার গোলরক্ষক সোমেরের পিঠে লেগে জালে জড়ায় (৩-৩)। এদিকে, বুধবার রাইট উইংব্যাক জুলিয়েস কৌন্দে চোট পেয়ে প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়ায় চিন্তিত বার্সা। আগামী ৭ মে মিলানে দ্বিতীয় লেগে তাঁকে পাচ্ছে না কাতালন ক্লাবটি।

সম্পর্কিত সংবাদ