Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এস্প্যানিয়লকে উড়িয়ে লা লিগা জিতল বার্সা

এস্প্যানিয়লকে উড়িয়ে লা লিগা জিতল বার্সা
  • ১৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

এস্প্যানিয়ল-০                       :                 বার্সেলোনা-২ (লামিনে, ফারমিন)

Advertisement

বার্সেলোনা: ‘মেসি সেরা, তবে আমি আমার গল্প লিখতে চাই’— বক্তার নাম লামিনে ইয়ামাল। গত বছর ডিসেম্বরে এক সাক্ষাত্কারে মেসির সঙ্গে তুলনা টানা হলে এই মন্তব্য করেছিলেন স্পেনের বিস্ময় বালক। আর যেমন কথা তেমনই কাজ! ২০২৪-২৫ মরশুমে নিজের গল্প লিখছেন লামিনে। ‘প্রতিশ্রুতিসম্পন্ন থেকেই তারকা’ হওয়ার গল্প। বৃহস্পতিবার খেতাব নির্ধারণ ম্যাচেও লামিনের মাস্টারক্লাসে বাজিমাত বার্সেলোনার। কাতালুনিয়ান ডার্বিতে এস্প্যানিয়লকে ২-০ ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই ২৮তম লা লিগা শিরোপা নিশ্চিত হ্যান্স ফ্লিক-ব্রিগেডের। স্কোরশিটে নাম তোলার পাশাপাশি ফারমিনকে দিয়ে গোল করিয়ে ম্যাচের নায়ক ১৭ বছরের তরুণ তুর্কি। 
৩৬ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৮৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ (৩৬ ম্যাচে ৭৮) বাকি দু’টি ম্যাচ জিতলেও বার্সাকে ছুঁতে পারবে না। অথচ, লা লিগায় একটা সময় ৯ পয়েন্টের লিড নিয়ে শিরোপার স্বপ্ন দেখছিল কার্লো আনসেলোত্তির রিয়াল। কিন্তু হাল ছাড়েনি ফ্লিক-ব্রিগেড। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-২ ব্যবধানে উড়িয়ে পালের হাওয়া উল্টোদিকে বইয়ে দেন লামিনে-পেড্রিরা। এরপর শুধুই বার্সার আধিপত্য। রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা ডেল রে’র খেতাবও ঘরে তোলে ফ্লিকের দল। শুধু তাই নয় চলতি মরশুমে চারটি এল ক্লাসিকোতেই রিয়ালকে দুরমুশ করেছে বার্সেলোনা। এরজন্য কৃতিত্ব প্রাপ্য জার্মান কোচের। গত বছর ধুঁকতে থাকা বার্সার দায়িত্ব নেওয়ার পর তিনি দলের খোলনলচে বদলে ফেলেছেন। আস্থা রেখেছেন লা মাসিয়ার তরুণ প্রতিভাদের উপর। আর কাসাদো, কুবার্সি, ফারমিনরা কোচের আস্থার মর্যাদা রেখেছেন। চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হলেও ঘরোয়া ফুটবলে ত্রিমুকুট (সুপার কাপ, কোপা ডে’রে, লা লিগা) জিতলেন লামিনেরা।
এস্প্যানিয়লকে হারালেই লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা, এমন সহজ সমীকরণ মাথায় নিয়েই বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে নেমেছিল ফ্লিক-ব্রিগেড। প্রথমার্ধে অবশ্য বার্সাকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি ছিল না এস্প্যানিয়ল। দ্বিতীয়ার্ধের শুরুতেই চোখ ধাঁধানো গোলে ফ্লিকের দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন লামিনে। ৫৩ মিনিটে ড্যানি ওলমোর পাস ধরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে জাল কাঁপান ১৭ বছরের তরুণ (১-০)। এরপর ৮০ মিনিটে লামিনের উপর ইচ্ছাকৃতভাবে হাত চালিয়ে ডিফেন্ডার কাব্রেরা লাল কার্ড দেখলে দশ জন হয়ে যায় হোম টিম। আনুপাতিক সংখ্যগরিষ্ঠতা কাজে লাগিয়ে সংযোজিত সময়ে লামিনের সাজিয়ে দেওয়া বলে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন ফারমিন (২-০)। রেফারি শেষ বাঁজি বাজাতেই মাঠেই সেলিব্রেশন শুরু লামিনে, পেড্রিদের। তবে ২০২৩ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর এই এস্প্যানিয়লের মাঠে উদযাপন করতে গিয়ে বিপাকে পড়েছিল বার্সা। মাঠে এস্প্যানিয়লের সমর্থকরা ঢুকে পড়েছিলেন। তাই বৃহস্পতিবার বার্সা ফুটবলারদের তড়িঘড়ি ড্রেসিং-রুমে নিয়ে যান কোচ ফ্লিক। এরপর ড্রেসিং-রুমে বাঁধনছাড়া উল্লাসে মাতেন লামিনে-লিওয়ানডস্কিরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ