নিজস্ব প্রতিনিধি, বারাসত: কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে শনিবার তিনজনকে দোষী সাব্যস্ত করলেন বারাসত জেলা পকসো আদালতের বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, দোষীরা হল শাহজাহান আলি (বুদো), রকিবউদ্দিন মণ্ডল (সুরাজ) ও জামিরুল মণ্ডল (বাবু)। আজ, সোমবার দোষীদের সাজা ঘোষণা হবে।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ১৮ জুলাই বিকেলে কিশোরী তার বন্ধুর সঙ্গে সাইকেল করে ইকো পার্ক এলাকায় বেড়াতে গিয়েছিল। তখন তিন যুবক নিজেদের পুলিস পরিচয় দিয়ে তাদের পাশে একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে যায়। সেখানে কিশোরীর বন্ধুকে মারধর এবং কিশোরীকে যৌন হেনস্তা করে। এরপর তারা কোনওরকমে সেখান থেকে পালায়। ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তির ফোন থেকে বাড়িতে ফোন করে কাঁদতে কাঁদতে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। করানো হয় চিকিৎসাও। এরপর ইকো পার্ক থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিস শাহজাহান আলি, রকিবউদ্দিন মণ্ডল ও জামিরুল মণ্ডলকে গ্রেপ্তার করে। এতদিন ধরে সেই মামলা চলছিল বারাসত পকসো আদালতে। শনিবার তিনজনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এই মামলার বিশেষ সরকারি আইনজীবী সৌভিক বসু ঠাকুর বলেন, সমস্ত তথ্য ও প্রমাণের সাপেক্ষে এদিন বিচারক অভিযুক্ত তিন যুবককে দোষী সাব্যস্ত করেছেন। সোমবার সাজা ঘোষণা হবে। দোষীদের সর্বোচ্চ সাজার আবেদন জানানো হবে।