নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ণমালার সমাধিক্ষেত্র। কলেজ স্ট্রিট, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট—সর্বত্র ছড়িয়ে বইয়ের ‘লাশ’। সোমবার রাতের টানা বৃষ্টিতে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন বই ব্যবসায়ীরা। কীভাবে এই ক্ষতিপূরণ হবে? কবে হবে? বই উদ্ধারের ফাঁকে এই দুই প্রশ্নের উত্তর হাতড়ে চলেছেন তাঁরা। তবে, কলেজ স্ট্রিট থেমে নেই। সকাল থেকে শুরু হয়েছে সাফাইয়ের কাজ। চলেছে সন্ধ্যা পর্যন্ত। রোদে, হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো হয়েছে ভেজা বই। তার মধ্যেই কিছুটা নীচু স্বরে চলছে বইবিক্রেতাদের পরিচিত হাঁকডাক। কান্না চেপে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিতে শুরু করেছেন তাঁরা। কলেজ স্ট্রিটের বই দোকানগুলির সামনে স্তূপাকৃত হয়ে রয়েছে দলা পাকিয়ে যাওয়া বই, খাতা। অনাদরে পড়ে মহাভারত, বসুমতির দুষ্প্রাপ্য সংকলন। বিশ্বজিৎ বুক স্টলের দোকানি বললেন, ‘শুধুমাত্র বিভিন্ন প্রশ্নপত্র সংকলনই ছিল ৫০ হাজার টাকার। সব শেষ।’ ছোট দোকানি থেকে বড়মাপের বই ব্যবসায়ী—ক্ষতির মুখে সবাই। অনেকে জলে ভেজা বই ৫০-৭০ শতাংশ ছাড়ে বিক্রি করছেন। কলেজ স্কোয়ার হকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ দে বলেন, ‘হিসেব হয়নি। তবে ১০-১২ কোটি তো হবেই।’
শুধু বই নয়, কলম, দামি আর্টপেপার, হোয়াইট বোর্ড, ডায়েরি, জ্যামিতি বাক্স, ক্যালকুলেটর—ক্ষতির তালিকায় রয়েছে স্টেশনারি সামগ্রীও। জলে ভেজা কলম এবং স্টেশনারি কার্যত জলের দরেই বিক্রি হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে গোছা গোছা কলম ৩০ টাকায় বেচে দিচ্ছিলেন এক তরুণ। বললেন, যা আসে তাই লাভ। ব্যাপক ক্ষতির মুখে এমজি রোডের কার্ড ব্যবসাও। আনন্দ কার্ডসের কর্ণধার বললেন, নতুন কার্ড তো গিয়েছেই। ছাপা হয়ে যাওয়া কার্ডও শেষ। কীভাবে ডেলিভারি দেব, জানি না। সর্বস্ব গিয়েছে ফুটপাথের এক লটারি টিকিট বিক্রেতারও। সূর্য সেন স্ট্রিটে জল ঢুকে ক্ষতিগ্রস্ত পোশাকের দোকানগুলিও। রাস্তায় ফেলে শুকনো হচ্ছে জামাকাপড়। হাজার হাজার টাকার ক্যারম বোর্ডেরও একই হাল। গোটা এলাকার অর্থনীতি কার্যত বসে গিয়েছে। ক্ষতির অঙ্ক প্রায় ৫০ কোটি।
এর মধ্যেই উঠে আসছে বর্ণপরিচয় প্রকল্পের ব্যর্থতার বিষয়টি। সেটি তৈরি হওয়ার সময় অনেক বই ব্যবসায়ীই সেখানে উঠে যেতে রাজি ছিলেন না। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলছেন, আজ সেখানে স্টল থাকলে এরকম ক্ষয়ক্ষতি হতো না। এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে হয়তো সময় লাগবে, কিন্তু কলেজ স্ট্রিট ঘুরে দাঁড়াবে ঠিকই। আশাবাদী ব্যবসায়ীরা। যেভাবে ছাই থেকে জন্ম নেয় ফিনিক্স পাখি।