সংবাদদাতা, জঙ্গিপুর: নিষিদ্ধ মাদকের কারবার রুখতে রাজ্যজুড়ে যখন কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ, ঠিক তখনই বড়সড় সাফল্য পেল সূতি থানার পুলিশ। মঙ্গলবার ভোররাতে সূতির চাঁদনিচক এলাকায় নাকা চেকিং চলাকালীন এক অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ কাশির নিষিদ্ধ সিরাপ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিন বাংলাদেশি নাগরিককে। ধৃতদের নাম মহম্মদ কাশিম আলি, মহম্মদ জসীম শেখ ও কাজল শেখ। ধৃতদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। মঙ্গলবার সকালেই ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়। মাদক চোরাচালান চক্রের সঙ্গে আরও অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি বা স্থানীয় লিঙ্কের যোগ রয়েছে কি না, তা জানতে ধৃতদের নিজেদের হেপাজতে নিয়ে জেরা করবে পুলিশ। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক।
এ প্রসঙ্গে জঙ্গিপুরের অতিরিক্ত পুলিশ সুপার, সজলকান্তি বিশ্বাস বলেন, সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন ও চোরাচালান রুখতে আমাদের নজরদারি সবসময় কড়া রয়েছে। চাঁদনিচকের ঘটনায় তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ৪৮৯ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই চক্রের মূল উৎস সন্ধানে পুলিশ সবরকমভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে চাঁদনিচক মোড় সংলগ্ন এলাকায় নিয়মিত নাকা চেকিং ও গাড়ি তল্লাশি চালাচ্ছিল সূতি থানার বিশেষ টিম। সেই সময় তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশকর্মীরা আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাঁদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাঁদের সঙ্গে থাকা ব্যাগ ও জিনিসপত্র পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করা হয়। তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের! তাঁদের কাছ থেকে উদ্ধার হয় মোট ৪৮৯ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য বেশ ভালোই। মুহূর্তের মধ্যে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে সূতি থানায় ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মাদক আইনে মামলা রুজু করা হয়। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।



