নয়াদিল্লি: ব্যাংকের খাতায় ন্যূনতম ব্যালেন্স রাখতে পারেননি গ্রাহক। আর সেজন্য জরিমানা বাবদ ২০২৫-২৬ আর্থিক বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা উপার্জন করেছে বেসরকারি ব্যাংকগুলি। সরকারি ব্যাংকগুলির ক্ষেত্রে এই খাতে আয় ২ হাজার ১৩৭ কোটি ৯২ লক্ষ টাকা। সব মিলিয়ে ৭ হাজার ৮৬ কোটি টাকা। স্রেফ অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা না থাকার জন্য জরিমানা করে আদায় করা হয়েছে গ্রাহকদের থেকে। মঙ্গলবার সংসদে একটি লিখিত প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী।
বেসরকারি ব্যাংকগুলির মধ্যে এই ধরনের জরিমানা থেকে আয়ে শীর্ষে রয়েছে এইচডিএফসি। গত অর্থবর্ষে তাঁরা এই খাতে আয় করেছে ১ হাজার ৭৯৮ কোটি ১৪ লক্ষ টাকা। এরপরেই রয়েছে অ্যাক্সিস ব্যাংক (১ হাজার ৮১ কোটি ৩৩ লক্ষ)। পরবর্তী স্থানে আইসিআইসআই, কোটাক মাহিন্দ্রা, ইয়েস ব্যাংক, আইডিবিআই-এর মতো ব্যাংকগুলি। অন্যদিকে সরকারি ব্যংকগুলির মধ্যে এই ক্ষেত্রে শীর্ষে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (৪৭৭ কোটি ২৭ লক্ষ)। এরপরেই রয়েছে ইন্ডিয়ান ব্যংক (২৯৯ কোটি ১৭ লক্ষ), ব্যাংক অব বরোদা (৩৯৪ কোটি ১০ লক্ষ)। ২০২০ সালেই সেভিংস অ্যাকাউন্টের উপর থেকে ‘মিনিমাম ব্যালেন্স পেনাল্টি’ তুলে নিয়েছে এসবিআই। তবে কারেন্ট অ্যাকাউন্ট থেকে এই জরিমানা গ্রহণ চালু রয়েছে। দেশের মোট ১২টি সরকারি ব্যাংকের মধ্যে ১০টিতেই সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স না রাখতে পারলে জরিমানার নিয়ম বাতিল করা হয়েছে।