সংবাদদাতা, উলুবেড়িয়া: ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৪১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল এপ্রিল মাসে। সেই মামলায় বেশ কয়েক জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ মহারাষ্ট্রের একটি কোঅপারেটিভ ব্যাঙ্কের মহিলা ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেফতার করল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আশা ক্রুশনা রাউত। তিনি মহারাষ্ট্রের করঞ্জার একটি ব্যাঙ্কের ম্যানেজার। ধৃতকে সোমবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইমের এক আধিকারিক জানান, ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে প্রতারকরা টাকা হাতানোর পর ধৃত মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করত। মহিলার ওই ব্যাঙ্কের অ্যাকাউন্টে ১৭ লক্ষ ৬০ হাজার টাকার হদিশ পাওয়া গিয়েছে। এছাড়াও বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকেও টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে কোথা থেকে এই টাকা এল জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তকারীরা জেনেছেন, প্রতারকদের মিউল অ্যাকাউন্ট খুলতে সাহায্য করতেন মহিলা। যেখানে ডিজিটাল অ্যারেস্ট বা অন্য কোনওভাবে আদায় করা প্রতারণার টাকা জমা করা হতো।



