অন্যভাষার ছবিকে জায়গা দিতে গিয়ে বারবার ‘কোণঠাসা’ হয়েছে বাংলা ছবি। এই সমস্যার সুরাহার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন টলি পাড়ার কলাকুশলীরা। মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন তাঁরা। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার নন্দনে মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, পিয়া সেনগুপ্ত সহ আরও অনেকে। বেশ কয়েকটি প্রেক্ষাগৃহের মালিক, পরিবেশকও উপস্থিত ছিলেন। ‘আমাদের এত বড় ইন্ডাস্ট্রি। কাজ করতে গেলে সমস্যা আসবেই। সকলে মিলে আলোচনা করা হয়েছে। সমাধানসূত্র মিলেছে। বাংলা ভাষাকে গলা টিপে মারার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে সকলে মিলে লড়ছি। আরও বেশি করে যাতে বাংলা ছবি তৈরি হয়, সেই চেষ্টা চলবে। বাংলায় বাংলা সিনেমাই প্রাধান্য পাবে’, বলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।



