Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরুলিয়ায় দুর্লভ পদার্থের খোঁজ পেয়েছে জিএসআই, বাজেটে রেয়ার আর্থ করিডরে ব্রাত্য বাংলা

ওড়িশা, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে ডেডিকেটেড রেয়ার আর্থ করিডর গড়ে তোলা হবে বলে বাজেটে প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

পুরুলিয়ায় দুর্লভ পদার্থের খোঁজ পেয়েছে জিএসআই, বাজেটে রেয়ার আর্থ করিডরে ব্রাত্য বাংলা
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওড়িশা, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে ডেডিকেটেড রেয়ার আর্থ করিডর গড়ে তোলা হবে বলে বাজেটে প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অথচ, জিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই) সম্প্রতি পুরুলিয়ায় এই অতিমূল্যবান খনিজ পদার্থের খোঁজ পেলেও মোদি সরকারের নজরেই পড়ল না পশ্চিমবঙ্গ। ফলে ‘ডবল ইঞ্জিন’ রাজ্য ওড়িশাসহ চার রাজ্যে রেয়ার আর্থ এলিমেন্টস উত্তোলনের লক্ষ্যে বিশেষ পদক্ষেপ করা হল। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে এই ক্ষেত্রেও বঞ্চিত রইল বাংলা।

Advertisement

কী এই রেয়ার আর্থ এলিমেন্টস? পশ্চিমবঙ্গের কোথায় খোঁজ মিলেছে এই পদার্থের? এর উত্তোলন হলে রাজ্যের কী লাভ? রেয়ার আর্থ এলিমেন্টস হল—ল্যান্থানাম, লুটেশিয়াম, স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়ামের মতো ১৭টি ধাতব উপাদান। এগুলির ব্যবহার হয় চিপ, মোবাইল ফোন, ল্যাপটপ, টেলিভিশন, বৈদ্যুতিক গাড়ি, সৌর প্যানেল প্রভৃতি তৈরির ক্ষেত্রে। মিসাইল, রাডার ও অন্যান্য প্রতিরক্ষা প্রযুক্তিতেও এই সমস্ত পদার্থের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে গোটা বিশ্বে এর চাহিদা এখন তুঙ্গে।

এই বাজার দখল করে রেখেছে চীন। টক্কর দিতে মাঠে নেমেছে ভারতও। নয়া নীতির হাত ধরে জোর দেওয়া হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে উৎপাদন বৃদ্ধিতে। কিন্তু, রাজ্য প্রশাসনের বক্তব্য, পশ্চিমবঙ্গে পুরুলিয়ার কালাপাথর–রঘুডিহ ব্লকে এই মহার্ঘ জিনিসের খোঁজ মিলেছে। স্বভাবতই এনিয়ে উচ্ছ্বসিত জিএসআই কর্তৃপক্ষও। তাহলে এই কাজে গতি বাড়াতে কেন এরাজ্যেও ডেডিকেটেড রেয়ার আর্থ করিডর তৈরির প্রস্তাব এল না এদিনের বাজেটে? তাতে তো রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি এই সূত্রে বিশ্ববাজারেও দেশের দাপট বাড়বে। তাহলে কি বিরোধী রাজ্য বাংলার উন্নয়ন রুখতে গিয়ে দেশের স্বার্থের কথাও ভাবছে না মোদি সরকার? উঠে গিয়েছে এই গুরুতর প্রশ্ন।  এই বিষয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গে রেয়ার আর্থ এলিমেন্টস পাওয়ার খবর কেন্দ্রের কাছে নেই, একথা বিশ্বাসযোগ্য নয়। ফলে এর থেকেই প্রমাণিত যে ওরা মুখে যতই বাংলার কথা বলুক, অন্দরে অন্দরে ওরা বাংলা-বিদ্বেষী। ফলে জঙ্গলমহল ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার শিকার হল। অভিজ্ঞ আমলারা জানাচ্ছেন, এটা অস্বীকার করার জায়গা নেই যে বাংলার তুলনায় ওড়িশায় রেয়ার আর্থ এলিমেন্টস অনেক বেশি রয়েছে। কিন্তু, বাংলাতেও এর উৎপাদনের যে সম্ভাবনা রয়েছে তাও যথেষ্ট। শুধু পুরুলিয়ায় নয়, বাঁকুড়া জেলাতেও এর উত্তোলন সম্ভব। বলছে সমীক্ষা রিপোর্ট। ফলে দেউচা-পাচামিতে কয়লা খনির মতো আগামীদিনে জঙ্গলমহলের এই দুটি জেলা রেয়ার আর্থ এলিমেন্টসের উপর ভর করে রাজ্যকে বিপুল আর্থিক ডিভিডেন্ড দিতে চলেছে। মত প্রশাসনিক মহলের।

Advertisement
সম্পর্কিত সংবাদ