Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দেশে সবচেয়ে সফল বালুরঘাটের কৌশল মহোৎসব, সাড়ে সাত হাজার ইন্টারভিউ সাড়ে চার হাজারকে বেছে শুরু নিয়োগ প্রক্রিয়া

সংবাদদাতা, বালুরঘাট: কেন্দ্র সরকারের কৌশল মহোৎসব অনুষ্ঠানে দেশের মধ্যে সবচেয়ে বেশি ভিড় হয়েছে বালুরঘাটে

দেশে সবচেয়ে সফল বালুরঘাটের কৌশল মহোৎসব, সাড়ে সাত হাজার ইন্টারভিউ সাড়ে চার হাজারকে বেছে শুরু নিয়োগ প্রক্রিয়া
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গোপাল সূত্রধর, বালুরঘাট: সংবাদদাতা, বালুরঘাট: কেন্দ্র সরকারের কৌশল মহোৎসব অনুষ্ঠানে দেশের মধ্যে সবচেয়ে বেশি ভিড় হয়েছে বালুরঘাটে। মঙ্গলবার অনুষ্ঠিত ওই কৌশল মেলায় ১০ হাজারের বেশি বেকার যুবক-যুবতী আসেন। তাঁদের মধ্যে প্রায় সাড়ে সাত হাজার বেকার যুবক-যুবতীর ইন্টারভিউ নেওয়া হয়। প্রায় সাড়ে চার হাজার চাকরিপ্রার্থীকে বাছাই করা হয়েছে। তাঁদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Advertisement

কেন্দ্রের স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের মোট ১১টি জায়গায় এই কৌশল মহোৎসবের আয়োজন করা হয়েছিল। তার মধ্যে বালুরঘাটে সবচেয়ে বেশি ভিড় হয়েছে। শুধু তাই নয়, চাকরিপ্রাপকের সংখ্যাও দেশের মধ্যে সবচেয়ে বেশি বলে মন্ত্রণালয়ের দাবি।
দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি বলেন, গতকালের কৌশল মহোৎসব অনুষ্ঠানে মোট প্রায় ৭ হাজার ৫০০ জনের ইন্টারভিউ হয়েছে। প্রায় ৪ হাজার ৫০০ জন নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট অর্ডার পেয়েছেন। এখনও পর্যন্ত অনুষ্ঠিত সমস্ত কৌশল মহোৎসবের মধ্যে এটিই সর্বোচ্চ। 
বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এত বিপুল সংখ্যক যুবক-যুবতীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যক্ষ করা সত্যি অত্যন্ত আনন্দদায়ক ও গর্বের বিষয়। দেশের বালুরঘাটে এই অনুষ্ঠান সব চেয়ে বেশি সফল হয়েছে। কেন্দ্রের স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রণালয়ের এই উদ্যোগের প্রতি ধারাবাহিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য সকল রাজ্য সরকারি আধিকারিককে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট ৫৪টি কোম্পানি কৌশল মহোৎসব অনুষ্ঠানে হাজির ছিল। প্রতিটি ইন্টারভিউ কক্ষে এত পরিমাণ ভিড় ছিল যে, প্রত্যেককে সরাসরি ইন্টারভিউ নিয়ে নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি। তাই কিছু চাকরিপ্রার্থীর হাতে গতকালই নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। আগামীতে বাকি চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। 
বালুরঘাটের একটি সংস্থার কর্ণধার সার্বিক চক্রবর্তী বলেন, গতকাল আমরা নয়জনকে সঙ্গে সঙ্গেই নিয়োগপত্র তুলে দিয়েছি। আজ থেকে তাঁদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। বাকিদের গতকাল নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি। বাকি আরও ৩০ জনকে ডাকা হয়েছে। অফিস থেকে আজ তাঁদের নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে অনেক দুস্থ পরিবারের চাকরিপ্রার্থীও চাকরি পেয়েছেন। 
প্রসঙ্গত, কেন্দ্রের স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি নিয়োগ সংস্থাগুলিকে একত্রিত করে এক ছাদের তলায় শিক্ষিত ও দক্ষ বেকার যুবক-যুবতীদের বেসরকারি সংস্থায় কাজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই মতো দেশের দশটি জায়গায় এই কৌশল মহোৎসবের আয়োজন করা হয়েছিল। বালুরঘাট তার মধ্যে ১১তম কৌশল মহোৎসব ছিল। মঙ্গলবার ওই কৌশল মহোৎসব অনুষ্ঠানে ৫৪টি সংস্থা একসঙ্গে হাজির ছিল। চাকরিপ্রার্থীদের আইটি,  মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডেলিভারি সংস্থা, প্রাইভেট ব্যাংক, মাইক্রো ফাইন্যান্স থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে চাকরি দেওয়া হয়েছে।
চাররি পেয়ে খুশী সৃজা তালুকদার। তিনি বলেন, আমি গ্র্যাজুয়েশন শেষ করে চাকরির খোঁজ করছিলাম। এই কৌশল মহোৎসব অনুষ্ঠানে আমি তিনটি জায়গায় ইন্টারভিউ দিয়েছি। তার মধ্যে একটি সংস্থায় টেলি-কলিংয়ের কাজ পেয়েছি। এই চাকরিটি আমার খুব প্রয়োজন ছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ