Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট: মাটির নিচে দিয়ে যাবে বিদ্যুতের তার, ঘোষণা রাজ্য বিদ্যুৎ দপ্তরের

ইলেকট্রিক পোল থেকে ঝুলছে তার। কোথাও আবার বহুতল ঘেঁষে গিয়েছে ইলেকট্রিকের হাইভোল্টেজের তার।

বালুরঘাট: মাটির নিচে দিয়ে যাবে বিদ্যুতের তার, ঘোষণা রাজ্য বিদ্যুৎ দপ্তরের
  • ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গোপাল সূত্রধর, বালুরঘাট: ইলেকট্রিক পোল থেকে ঝুলছে তার। কোথাও আবার বহুতল ঘেঁষে গিয়েছে ইলেকট্রিকের হাইভোল্টেজের তার। এমন দৃশ্য বালুরঘাট শহরের আনাচে কানাচে। এবার আর বিদ্যুতের খুঁটিতে ঝুলবে না ইলেকট্রিক তার। বিদ্যুতের সমস্ত তার এবার মাটির নিচ দিয়ে যাবে। বালুরঘাটে মুখ্যমন্ত্রী সফরের পর রাজ্য বিদ্যুৎ দপ্তর থেকে এই ঘোষণা হয়েছে। এই ঘটনায় খুশি বালুরঘাট শহরের বাসিন্দারা। মুখ্যমন্ত্রী সফরের পর জেলার উপহারের ঝুলিতে আরও একটি প্রকল্প পেল বালুরঘাটবাসী।

Advertisement

বালুরঘাট বিধানসভার বিধায়ক বিদ্যুৎকুমার রায় বলেন, বালুরঘাট শহরে বিভিন্ন জায়গায় খোলা তার দেখা যায়। ওই তারে ঝুঁকি রয়েছে। তাই এবার মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক তার যাবে। আমি বিষয়টি নিয়ে আগে জেলার বিদ্যুৎ দপ্তরের সঙ্গে বৈঠক করেছিলাম। অবশেষে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এটা আরও একটি উপহার হিসাবে আমাদের তিনি প্রদান করেছেন। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। 
দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার সৌভিক সরকার বলেন, এই ব্যাপারে জেলার তরফ থেকে একটি ডিপিআর প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। 
বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট শহরে একসময় খোলা তার ছিল। সম্প্রতি বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে খোলা তারের পরিবর্তে কভার তার শহরে প্রদান করা হয়েছে। ফলে শর্ট সার্কিটের মত ঘটনা অনেকটা কমেছে। কিন্তু শহরের বৈদ্যুতিক পোলগুলিতে বৈদ্যুতিক তারের পাশাপাশি ইন্টারনেট কেবল সহ বিভিন্ন প্রকার তার জড়ানো অবস্থায় থাকে। যার ফলে অনেক জায়গাতেই ইলেকট্রিক পোলে শর্ট সার্কিট হয়। ওই তারগুলি থেকে দুর্ঘটনার ঘটনা সামনে আসে। 
বালুরঘাট শহরে ত্রিফলা বাতি স্তম্ভ রয়েছে। সেই বাতি স্তম্ভগুলিতে তার বেরিয়ে থাকে। বর্ষাকালে এ অবস্থায় ঝুঁকি থেকে যায়।  বেশিরভাগ বৈদ্যুতিক পোলগুলি তার মাথার উপর দিয়ে দিয়েছে। বিশেষ করে কারো বাড়ির উপর দিয়ে গিয়েছে। আবার কোথাও বহুতলের একেবারে গা ঘেঁষে যাওয়ায় প্রাণহানির আশঙ্কা থেকে যাচ্ছে। রাজ্য সরকার থেকে বেশ কিছু শহরকে পাইলট প্রজেক্ট হিসাবে বেছে নেওয়া হয়েছে। 
ওই শহরগুলিতে মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া হবে। যার ফলে ঝুঁকি অনেকটা কমে যাবে। পাশাপাশি দৃশ্য দূষণ কমবে বলে মত বিশেষজ্ঞদের। রাজ্যের ছয়টি শহরের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বালুরঘাট শহরকে পাইলট হিসাবে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তর থেকে এই ব্যাপারে প্রয়োজনীয় টেন্ডার করা নির্দেশ দেওয়া হয়েছে।
বিজেপির জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, রাজ্যের বড় বড় শহরগুলির তুলনায় আমাদের শহর অনেকটা পিছিয়ে রয়েছে। এবার মাটির নিচ দিয়ে বিদ্যুৎ গেলে শহর আরও উন্নত হবে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই উদ্যোগ নিয়েছিলেন। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ। বালুঘাট শহরের বাসিন্দা অপূর্ব মণ্ডল বলেন, খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহর আরো নিরাপত্তা বাড়বে।

Advertisement
সম্পর্কিত সংবাদ