ইসলামাবাদ: ঘরে বাইরে সাঁড়াশি চাপে পাকিস্তান। ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর আবহেই বালোচ বিদ্রোহীদের হামলায় দিশেহারা অবস্থা পড়শি দেশের। বুধবার ফের পাক সেনার উপর জোড়া হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি। বিস্ফোরণে মৃত্যু হয় ১৪ পাক সেনার । নিহতদের মধ্যে রয়েছেন পাক সেনার বিশেষ অভিযানের কমান্ডার ও একাধিক উচ্চপদস্থ আধিকারিক। আবার রাতের দিকে ডেরা বুগতি এলাকায় পাকিস্তানের অন্যতম প্রধান গ্যাস প্রকল্পেও হামলা চালায় বালোচরা। ওই এলাকায় অন্তত ১০০টি গ্যাসের কুঁয়ো রয়েছে।
জানা গিয়েছে, বালুচিস্তানের বোলান ও কেচ জেলায় দু’টি পৃথক হামলা চলে। বালোচ লিবারেশন আর্মির স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশন স্কোয়াড প্রথম হামলাটি চালিয়েছে বোলানের মাচ এলাকার শোরকাণ্ড এলাকায়। পাক বাহিনীর গাড়িতে আইইডি হামলায় প্রাণ হারান ১২ জন সেনা। ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে শোরকাণ্ডে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা বিস্ফোরণে উড়ে যায় সেনার ওই গাড়ি। নিহতদের মধ্যে রয়েছে স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান ও সুবেদার উমর ফারুক। দ্বিতীয় হামলাটি হয় কেচ জেলার কুলাগ টিগরান এলাকায়। সেখানে বম্ব ডিসপোজাল মিশনে গিয়েছিল পাক সেনা। দুপুর দু’টো বেজে ৪০ মিনিটে আচমকা আইইডি বিস্ফোরণ হয়। তার জেরে দুই সেনা কর্মীর মৃত্যু হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই বালোচ বিদ্রোহীরা পাক সেনার কনভয়ে আক্রমণ করে। তার জেরে মৃত্যু হয় ১০ জন সেনার।