সংবাদদাতা, তারকেশ্বর: বেআইনি পার্কিং করা গাড়িগুলিকে সোমবার জরিমানা করল তারকেশ্বর থানার পুলিস। তারকেশ্বর-চকদিঘি, তারকেশ্বর -আরামবাগ, তারকেশ্বর-বৈদ্যবাটি রাস্তার পাশে পার্কিং পুরো বেআইনি। এনিয়ে প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করা হয়েছে গাড়িগুলিকে। রবিবার তারকেশ্বরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সাত বছরের এক শিশুর। স্থানীয়রা বড় গাড়ি ও রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রাখার অভিযোগ তুলেছিলেন। সোমবার ছিল মাধ্যমিক পরীক্ষা। তাই বেআইনি পার্কিং ও যানজট বন্ধ করতে অভিযান চালায় পুলিস। পুলিস জানিয়েছে, তারকেশ্বর-আরামবাগ রোডের তারকেশ্বর থেকে চাঁপাডাঙা এবং তারকেশ্বর-বর্ধমান রোডের তারকেশ্বর থেকে নারায়ণপুর পযন্ত রাস্তার ধারে গাড়ি পার্কিং নিষিদ্ধ।



