Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেআইনি নির্মাণ-অবৈধ পার্কিং নিয়ে আক্রমণ বিজেপির, পাল্টা তৃণমূলেরও

বেআইনি নির্মাণ-অবৈধ পার্কিং নিয়ে আক্রমণ বিজেপির, পাল্টা তৃণমূলেরও
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি পার্কিং, যত্রতত্র হকার এবং অবৈধ নির্মাণ নিয়ে মঙ্গলবার সরগরম হল কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের অন্তিম পর্ব। এদিন বাজেট প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কাউন্সিলার বিজয় ওঝা বড়বাজার, বউবাজার, পোস্তা সহ শহরের বিভিন্ন অঞ্চলে বেআইনি পার্কিংয়ের রমরমা নিয়ে প্রশ্ন তোলেন। বিজেপির আরেক কাউন্সিলার সজল ঘোষও বেআইনি পার্কিং এবং অবৈধ নির্মাণ নিয়ে পুরসভার ভূমিকার কড়া সমালোচনা করেন। পাল্টা সরব হয় তৃণমূল। যাবতীয় প্রশ্নের জবাব দেন মেয়র ফিরহাদ হাকিম এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার।
Advertisement
বিজয় ওঝা বলেন, ‘পুরসভা বলেছিল পার্কিং সংক্রান্ত একটি অ্যাপ তৈরি করা হবে। সেই অ্যাপ কোথায়? কোনও কাউন্সিলার কি ডাউনলোড করেছেন?’ তাঁর অভিযোগ, বড়বাজার, পোস্তা এলাকায় এক ঘণ্টা বা দু’ঘণ্টার জন্য গাড়ি রাখতে ১৫০ থেকে ২০০ টাকা নেওয়া হচ্ছে। পুরোটাই চলছে বেআইনিভাবে। পুরসভার রাজস্ব ক্ষতি হচ্ছে। অভিযোগের জবাবে পার্কিং বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার এই খাতে রাজস্ব আদায়ের খতিয়ান তুলে ধরেন। তাঁর দাবি, গত কয়েক বছরে বেআইনি পার্কিং থেকে পুরসভা জরিমানা আদায় করে বিপুল রাজস্ব ঘরে তুলেছে। আগামী দিনে অ্যাপের মাধ্যমে বেআইনি পার্কিং আটকাতে কর্তৃপক্ষ বদ্ধপরিকর বলে জানান তিনি। সেই সঙ্গে তাঁর সংযোজন, সকালের বেআইনি পার্কিং রোখার দায়িত্ব পুলিসের। বিজয় ওঝাকে দেবাশিসবাবুর পরামর্শ, ‘কোথাও অবৈধ পার্কিং দেখলে অভিযোগ জানান। পুরসভা পদক্ষেপ গ্রহণ করবে। পুলিসকে জানানো হবে।’
সজল ঘোষ বেআইনি পার্কিংয়ের পাশাপাশি অবৈধ নির্মাণ নিয়েও চাঁচাছোলা আক্রমণ করেন শাসক শিবিরকে। তিনি বলেন, ‘শহরের বুকে বেআইনি নির্মাণের রমরমা। কখনও বাড়ি হেলে যাচ্ছে, কখনও ভেঙে পড়ছে অবৈধ নির্মাণ।’ মেয়র জবাবি ভাষণে বলেন, ‘বেআইনি নির্মাণ আগে হয়নি, সেটা বলব না। বহু এলাকাতেই গত কয়েক দশক ধরে, বিশেষ করে বাম আমলে একের পর এক বেআইনি নির্মাণ হয়েছে। বর্তমানে বিল্ডিং বিভাগ কড়াভাবে অবৈধ নির্মাণ আটকাচ্ছে। বিল্ডিং বিভাগে এখন ওয়ার্ক ডায়েরি মেনটেইন হচ্ছে নিয়মিত। প্রতিটি রাস্তা, গলিতে ১৫ দিন অন্তর আধিকারিকরা ঘুরছেন। কড়া নজরদারি চলছে।’-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ