নিজস্ব প্রতিনিধি, হাওড়া: লিলুয়ার দু’টি বাড়িতে অভিযান চালিয়ে ৬০০ বোতলেরও বেশি বেআইনি দেশি ও বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে হাওড়া সিটি পুলিস। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ধৃতের নাম রাজেশ পাসোয়ান। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে লিলুয়ার চকপাড়ার মনসাপল্লিতে চন্দন পাসোয়ানের বাড়িতে হানা দেন হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা। সেখান থেকে ৩৮৮ বোতল বেআইনি মদ বাজেয়াপ্ত করে পুলিস। গ্রেপ্তার করা হয় রাজেশকে। এরপর লিলুয়ার নতুনপল্লি এলাকায় সঞ্জয় দেবনাথ নামে আরেক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ২৮০ বোতল দেশি ও বিদেশি বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়। হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, ‘এই মদ বিক্রির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বেআইনি মদের কারবার বন্ধ করতে অভিযান চলবে।’



