নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্ভরযোগ্য ফুটবলার। একইসঙ্গে বড় মনের মানুষ। ইস্ট বেঙ্গলের প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাশা ছিলেন কার্যত অজাতশত্রু। ৬১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই প্রাক্তন ফুটবলার। তাঁর পরিবারের পাশে থাকছে ইস্ট বেঙ্গল। পাশার পরিবারের হাতে ১১ লক্ষ টাকা তুলে দেবেন ক্লাব কর্তারা। শনিবার ক্লাব তাঁবুতে প্রয়াত ফুটবলারের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান ইস্ট বেঙ্গল সভাপতি এমএন লোহিয়া, শীর্ষকর্তা দেবব্রত সরকার প্রমুখ। একইসঙ্গে জোড়া বেনিফিট ম্যাচের আয়োজন করা হচ্ছে। প্রাপ্ত অর্থও পাশার পরিবারকে তুলে দেওয়া হবে। মূলত প্রাক্তন ফুটবলাররাই এই ম্যাচের উদ্যোগ নিয়েছেন। আগামী ৬ ফেব্রুয়ারি লাল-হলুদের নবনির্মিত অ্যাস্ট্রোটার্ফের উদ্বোধন। প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল তারকা একাদশ খেলবে লাল-হলুদ লেজেন্ডদের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ ফুটবল প্লেয়ার্স সংস্থা। দু’দলের নেতৃত্ব দেবেন যথাক্রমে বাইচুং ভুটিয়া ও হোসে রামিরেজ ব্যারেটো। ১৯৯০ সালে মহমেডান স্পোর্টিং থেকে পাশাকে সই করায় ইস্ট বেঙ্গল। রাইট উইং ব্যাকের জায়গায় দীর্ঘদিন ভরসা জুগিয়েছেন তিনি। ইস্ট বেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘আপাদমস্তক ভদ্র ফুটবলার ছিল পাশা। ক্লাবের পরম্পরা বজায় রেখে ওঁর পরিবারের পাশে থাকবে ইস্ট বেঙ্গল।’ এদিকে, ৩ ফেব্রুয়ারি সকালে শ্রীনিধির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে অস্কার ব্রিগেড। এরপর মহমেডান স্পোর্টিং বা ডায়মন্ডবারবার এফসি’র বিরুদ্ধে আরও একটি ম্যাচ খেলতে চান অস্কার। শুক্রবার আইএসএলের জন্য প্রস্তুতি শুরু করল মহমেডান স্পোর্টিং। গোলকিপার কোচ নিযুক্ত হয়েছেন প্রাক্তন গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরি।



