Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

বাগডোগরার এমএম তরাই পিকনিক স্পটে ফেব্রুয়ারিতেও জমজমাট ভিড়

ফেব্রুয়ারিতেও জমজমাট ভিড় বাগডোগরা এমএম তরাই ইকো ট্যুরিজম স্পটে। মাসের দ্বিতীয় রবিবার কয়েক হাজার মানুষ পিকনিক করতে এসে পৌঁছয় বালাসন নদীর তীরে এই স্পটে।

বাগডোগরার এমএম তরাই পিকনিক স্পটে ফেব্রুয়ারিতেও জমজমাট ভিড়
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: ফেব্রুয়ারিতেও জমজমাট ভিড় বাগডোগরা এমএম তরাই ইকো ট্যুরিজম স্পটে। মাসের দ্বিতীয় রবিবার কয়েক হাজার মানুষ পিকনিক করতে এসে পৌঁছয় বালাসন নদীর তীরে এই স্পটে। নাচ-গান, রান্না, খাওয়া-দাওয়ার আনন্দে দিনভর হই হই করে চলে পিকনিক। এদিন শিলিগুড়ি, বাগডোগরা, জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গা থেকে বাস ও চার চাকার গাড়ি নিয়ে মানুষজন পিকনিকে আসেন এমএম তরাইয়ে। সকালে ব্রেকফাস্টে ব্রেড, ডিম সেদ্ধ, কলা দিয়ে শুরু করে মধ্যাহ্নভোজনে ভাত, ডাল, মাছ, খাসির মাংস, মুরগির মাংস রান্না হতে দেখা যায় গোটা পিকনিক স্পট জুড়ে। 

Advertisement

এদিন বাগডোগরা থেকে আগত একটি পিকনিক পার্টির সদস্য সুনীল কুমার দাস বলেন, মহিলা পুরুষ ও বাচ্চা মিলিয়ে ৪০ জন পিকনিকে এসেছি। সকালে হালকা ব্রেকফাস্ট খেয়ে রান্না শুরু হয়েছে। ভাত, ডাল, সবজি, পনির, শুটকি মাছ ও খাসির মাংস রয়েছে মেনুতে। সকলে মিলে বেশ আনন্দ করতে পেরে ভালো লাগছে। কাছেপিঠের মধ্যে এই পিকনিক স্পটকে বেছে নিয়েছি এবছর। অপরদিকে অন্য একটি দলের সুজাতা মুখোপাধ্যায় বলেন, জানুয়ারিতে সকলে মিলে আসা সম্ভব হয়নি। তাই এই রবিবার বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশীরা মিলে পিকনিকে এসেছি। বেশ ভালো লাগছে পাহাড়ের কোলে ঠান্ডা হাওয়া ও নদীর ধারে পিকনিক করতে পেরে। 
কার্শিয়াং বনবিভাগের অধীন বাগডোগরা রেঞ্জের কর্মীরা ইকো ট্যুরিজম স্পটে কড়া নজরদারি রাখেন। বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া জানিয়েছেন, সমস্ত স্পটে আমাদের কর্মীরা রয়েছেন। সকলের সুরক্ষার জন্য বিধিনিষেধ অবলম্বন করতে বলা হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ