Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগদার মালিপোতায় রাস্তা বেহাল, দুর্ভোগ

বাগদার মালিপোতায় রাস্তা বেহাল, দুর্ভোগ
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: সংস্কারের অভাবে বেহাল বাগদার মালিপোতা পঞ্চায়েতের নাটাবেড়িয়া থেকে বেণীমাধবতলা যাবার রাস্তা। বৃষ্টির পর প্রায় তিন কিলোমিটার পিচের রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। সেটি খানাখন্দে ভরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির জল জমে কিছু জায়গা ডোবায় পরিণত হয়েছে। চলাচল করতে সমস্যায় পড়তে হচ্ছে। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। সবথেকে খারাপ অবস্থা নাটাবেড়িয়া উপ স্বাস্থ্যকেন্দ্রের সামনে। সমস্যায় পড়ছেন চিকিৎসা করাতে আসা মানুষ।

Advertisement

বনগাঁ-বাজিতপুর রাজ্য সড়কের কাছে নাটাবেড়িয়া বাজার থেকে বেণীমাধবতলা যাওয়ার একমাত্র রাস্তাটি দিয়ে চলাচল করেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। অসুস্থ হলে রোগীকে নিয়ে বা অন্য প্রয়োজনে এই পথ দিয়েই নাটাবেড়িয়া যেতে হয়। প্রতি মঙ্গল ও শনি হাট বসে। আশপাশের গ্রামগুলির চাষিরা ফসল নিয়ে হাটে যান। রাস্তার বেহাল দশার ফলে তাঁদের অসুবিধায় পড়তে হচ্ছে। সুভাষ বিশ্বাস নামে কাপাসহাটির এক বাসিন্দা বলেন, ‘রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সংস্কারে প্রশাসনের কোনও হেলদোল চোখে পড়ে না।’ মালিপোতা পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল বলেন, ‘রাস্তাটি জেলা পরিষদের অধীন। দীর্ঘদিন ধরেই বেহাল। জেলার সভাধিপতিকে জানিয়েছি। দ্রুত সংস্কারের কাজ শুরু হবে।’ 
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ তত্বাবধান করে এই রাস্তার। এই পথ দিয়ে বাগদার অন্যতম ঐতিহাসিক নিদর্শন নীলকুঠি যাতায়াত করেন দূরদূরান্তের পর্যটকরা। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এখনই সংস্কার না হলে বর্ষায় যাতায়াত সম্ভব নয়। নরক যন্ত্রণার মধ্যে পড়তে হবে। 
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, ‘রাস্তাটির কথা জানিয়েছেন পঞ্চায়েত প্রধান ও জেলা পরিষদের সদস্য। আগামী সপ্তাহে সংস্কারের কাজ শুরু হবে।’-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ