নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম মেডিক্যালে জটিল অপারেশনে পুত্রসন্তানের জন্ম দিলেন শবর মা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে ওই প্রসূতি হাসপাতালে আসেন। চিকিৎসকরা দেখেন তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হৃদযন্ত্রের চারপাশে জল জমে ছিল। শরীরে থাইরয়েড হরমোন তৈরি হচ্ছিল না। হৃদস্পন্দনের গতি ধীর হয়ে আসছিল। শরীরের আভ্যন্তরীণ অঙ্গ কার্যত বিকল হয়ে পড়ছিল। প্রায় একমাস ধরে হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। বৃহস্পতিবার ডেলিভারি করার সময় তাঁর সিজার করার প্রয়োজন হয়ে পড়ে। শরীরের এই অবস্থায় জরুরি ভিত্তিতে মেডিক্যাল বোর্ড গঠন করেন চিকিৎসকরা। জটিল অপারেশনের পর ঝাড়গ্রামের জারলাটা গ্ৰামের বাসিন্দা গীতাঞ্জলি ভুক্তা পুত্রসন্তানের জন্ম দেন। এই সাফল্যে উচ্ছ্বসিত হাসপাতালের চিকিৎসকরা।



