সংবাদদাতা, উলুবেড়িয়া: থিম না সাবেকিয়ানা। গত কয়েকবছর ধরে এই নিয়ে জোর লড়াই উলুবেড়িয়া মহকুমার বিভিন্ন পুজো কমিটিগুলির মধ্যে। দু’রকম পুজোর মাধ্যমেই চমক দিতে চান উদ্যোক্তারা।
সংবাদদাতা, উলুবেড়িয়া: থিম না সাবেকিয়ানা। গত কয়েকবছর ধরে এই নিয়ে জোর লড়াই উলুবেড়িয়া মহকুমার বিভিন্ন পুজো কমিটিগুলির মধ্যে। দু’রকম পুজোর মাধ্যমেই চমক দিতে চান উদ্যোক্তারা।
উলুবেড়িয়া থেকে বাগনান, শ্যামপুর থেকে আমতা উদয়নারায়ণপুর, সর্বত্র অভিনব মণ্ডপসজ্জা চোখে পড়েছে। নজর কেড়েছে প্রতিমাও। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। গত কয়েক বছর ধরে মহকুমার যে কয়েকটি পুজো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু তার মধ্যে একটি হল, হাট বাউড়িয়া দুর্গাপুজো। ৭০ বছরে পা দিল এই পুজো। এবার বাজেট প্রায় ৪০ লক্ষ টাকা। পুজোর প্রধান পৃষ্টপোষক বেনুকুমার সেন জানান, এবার গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। প্রতিমাতেও থাকছে চমক। পুজো সামনে রেখে একাধিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। অন্যদিকে উলুবেড়িয়া রঘুদেবপুর পাঁচলা মোড়ের নেতাজি সঙ্ঘের পুজো ৮০ বছরে পা দিয়েছে। প্রায় ২৭ লক্ষ টাকা বাজেট। এবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে তৈরি করছে মণ্ডপ।
ক্লাবের সাধারণ সম্পাদক অজিত পাড়ুই জানান, প্রতিবারই আমাদের অভিনব মণ্ডপসজ্জা দর্শনার্থীদের আকর্ষণ করে। এবারও তার কোন ব্যতিক্রম হবে না।
এছাড়া উলুবেড়িয়া বোয়ালিয়া বাস স্ট্যান্ডের দুর্গাপুজো এবার ৫৫তম বর্ষে পদার্পণ করল। প্রায় আট লক্ষ টাকা বাজেট এই পুজোর। এবার বাবুই পাখির বাসা দিয়ে মণ্ডপ সাজাচ্ছে তারা। বোয়ালিয়া পুজো কমিটির সম্পাদক বরুণ সামন্ত জানান, অভিনব মণ্ডপসজ্জা শুধু নয়, মাটির খুরির প্রতিমা থাকছে প্যান্ডেলে। নিজস্ব চিত্র