নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাড়ি তৈরি শুরু করেছেন তো? কতদূর কাজ হয়েছে? ইট, বালি, সিমেন্ট কেনা হয়েছে? বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের এভাবে ফোন করে খোঁজ নিচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লক প্রশাসন। উদ্দেশ্য একটাই, উপভোক্তরা যাতে এই টাকা নিয়ে বসে না থাকেন এবং সেটা সঠিক কাজে ব্যবহার করেন। পঞ্চায়েত দপ্তর বাংলার বাড়ি নিয়ে প্রতিনিয়ত জেলাগুলির সঙ্গে বৈঠক করছে। কতজন বাড়ি বানানো শুরু করেছেন, কতটা কাজ হয়েছে, কতজনের টাকা পাওয়া বাকি ইত্যাদি বিষয়ের খবর নিচ্ছেন অফিসাররা।
Advertisement
এদিকে, সিংহভাগ উপভোক্তা টাকা পেয়ে গিয়েছেন। সেই টাকা তাঁরা ফেলে রেখে দিয়েছেন কি না, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তা পঞ্চায়েত দপ্তরের। সে কারণেই জেলাগুলিকে তারা নির্দেশ দিয়েছে যে, প্রতিটি ব্লক যাতে উপভোক্তাদের নাম ধরে ধরে ফোন করে এ ব্যাপারে খোঁজখবর করে। সেই মতোই দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই কাজ শুরু হয়েছে। সরকারের কোষাগার থেকে দেওয়া টাকা যাতে সঠিক কাজেই ব্যবহৃত হয়, সেটা নিশ্চিত করতেই এই তৎপরতা। এর আগে টাকা পাওয়ার সময় উপভোক্তাদের ডেকে বোঝানো হয়েছিল যে, বাড়ি তৈরি করার বাইরে অন্য কোনও কাজে এই প্রকল্পের টাকা খরচ করা যাবে না। আর এবার তাঁরা কাজ কতটা করলেন, সেটা নিয়ে খোঁজখবর শুরু হয়েছে। অন্যদিকে, এই জেলায় এখনও পর্যন্ত দেড় লক্ষের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। আরও আঠেরো হাজারের মতো বাসিন্দা টাকা পাবেন।



