নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আয়ুষ্মান ভারত’-এর জন্য উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হল। মঙ্গলবার থেকে এই কাজ শুরু হয়েছে। চলবে ২৫ জুন পর্যন্ত। সেজন্য গ্রুপ বি আধিকারিক এবং ফিল্ড লেভেল কর্মীদের নিয়োজিত করাও শুরু হয়েছে। প্রথম ধরনের আধিকারিকদের ‘ভেরিফিকেশন অফিসার’ বলা হচ্ছে।
সম্প্রতি আয়ুষ্মান ভারত সংক্রান্ত এক নির্দেশনামায় উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ শুরু হবে বলে জানান স্বাস্থ্যদপ্তরের প্রধান সচিব। কলকাতা কর্পোরেশনের কমিশনার, সব জেলার জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথাও জানানো হয়েছে চিঠিতে। জেলায় জেলায় যেমন প্রয়োজন, তেমন আধিকারিক ও ফিল্ড কর্মীদের নিয়োগ করা যাবে বলেও জানিয়েছেন সচিব। এও জানিয়েছেন, আদর্শ সরকারি নিয়মাবলি মেনে গোটা কাজটি করতে হবে।
ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট (এনএফএসএ)-এর তথ্যভাণ্ডার ধরে ধরে উপভোক্তাদের নথি যাচাই শুরু হয়েছে। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, প্রথমে তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কাজটি রূপায়িত হবে। তারপর ধাপে ধাপে রাজ্যজুড়ে শুরু হবে। সরকারের কাছে থাকা তথ্যভাণ্ডারের সঙ্গে উপভোক্তার দেওয়া তথ্য মিলে গেলে ই-কেওয়াইসি (করা না-থাকলে) সেখানেই করা হচ্ছে।



