নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপের আগে চোট সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া। বিজয় হাজারে ট্রফিতে খেলার সময় তলপেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিলক ভার্মা। তাঁর অস্ত্রোপচার হয়েছে। তিন সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারবেন না তিনি। এমনকী টি-২০ বিশ্বকাপের প্রথম দিকে তাঁর খেলা নিয়েও সংশয় রয়েছে। এবার স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও চোটের কবলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বোলিংয়ের সময় তিনি অস্বস্তি বোধ করেন। পাঁচ ওভার হাত ঘোরানোর পর বেরিয়ে যান মাঠের বাইরে। পরে আট নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। খেলা শেষে তাঁর স্ক্যান হয়। বাঁ দিকে পাঁজরের নীচে চোট লেগেছে। ফলে তাঁকে বিশ্রামে পাঠানো হয়েছে। বাকি দু’টি ওয়ান ডে ম্যাচে খেলতে পারবেন না তিনি।



