Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নতুন অটো কিনলেও রুটে চালাতে দেওয়া হচ্ছে না, অবরোধ চালকদের

নতুন অটো কিনলেও রুটে চালাতে  দেওয়া হচ্ছে না, অবরোধ চালকদের
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: শাসক দলের শ্রমিক সংগঠনের সঙ্গে কথা বলে নতুন অটো কিনেছিলেন কয়েকজন অটোচালক। এতদিন তাঁরা অন্যের অটো ভাড়ায় নিয়ে চালাতেন। দিনভর অটো চালিয়ে মালিকের পাওনা মিটিয়ে দেওয়ার পর তাঁদের হাতে থাকত সামান্যই। তাই উপার্জন বাড়াতে তৃণমূল শ্রমিক ইউনিয়নের অনুমতিক্রমে নতুন অটো কিনেছিলেন ঠাকুরনগর-রামচন্দ্রপুর এবং ঠাকুরনগর-পাঁচপোতা রুটের বেশ কয়েকজন চালক। কিন্তু এখন ওই নির্দিষ্ট দু’টি রুটে সেই অটো চালাতে দিচ্ছে না তৃণমূল প্রভাবিত ইউনিয়ন। এমনই অভিযোগে অটোচালকরা রাস্তায় শুয়ে অবরোধে শামিল হলেন। শুক্রবার গাইঘাটা থানার ঠাকুরনগর-রামচন্দ্রপুর রোডের কাঁঠালতলায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অবরোধকারীদের দাবি, ২০-২৫ বছর ধরে তাঁরা এই দু’টি রুটে অন্যের অটো ভাড়ায় নিয়ে চালাচ্ছিলেন। সম্প্রতি তৃণমূল শ্রমিক সংগঠন তাঁদের অটো কিনতে বলে। সেই মতো কেউ ধার করে, কেউ ব্যাঙ্ক লোন নিয়ে অটো কিনেছেন। এখন ইউনিয়নের পক্ষ থেকে নতুন কোনও অটো রুটে চালাতে দেওয়া হচ্ছে না। তারই প্রতিবাদে অবরোধ বলে জানান তাঁরা। পরে অবশ্য গাইঘাটা থানার পুলিসের আশ্বাসে অবরোধ উঠে যায়। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল শ্রমিক সংগঠনের স্থানীয় কমিটি নতুন করে তৈরি হয়েছে। 

Advertisement

সম্প্রতি সেই কমিটিই রাস্তায় নতুন করে অটো চালাতে দিতে বাধা দেয় বলে অভযোগ। কমিটির দাবি, ওই দু’টি রুটে এখনই ৪৮টি অটো চলছে। রয়েছে টোটোও। ফলে নতুন করে আরও অটো রাস্তায় নামলে পথে বসতে হবে অনেককে। অবরোধকারী অটোচালক তাপস তরফদার বলেন, ‘শ্রমিক সংগঠনের সঙ্গে কথা বলেই আমরা গাড়ি কিনেছি। এখন বলছে রাস্তায় নতুন গাড়ি চালানো যাবে না।’ এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন, ‘ওই রুটে ছ’টি গাড়ি চালানোর জন্য চিঠি করা হয়েছিল। কিন্তু কেউ বা কারা ১৩টি গাড়ি উদ্বোধন করেছে। এত গাড়ির অনুমোদন দিলে সবারই রুটিরুজিতে টান পড়বে। স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ