লন্ডন: বাইশ গজে বড় আসরের ফাইনাল মানেই অস্ট্রেলিয়ার একচ্ছত্র আধিপত্য। সব ফরম্যাট মিলিয়ে ১৩ বারের মধ্যে কাঙারু বাহিনীর সাফল্যের সংখ্যা ১০। তার মধ্যে রয়েছে ছ’টা ওয়ান ডে বিশ্বকাপও। টি-২০ বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিরও স্বাদ পেয়েছে ক্যাঙারু বাহিনী। সংখ্যাটা এবার বাড়ানোর হাতছানি কামিন্সদের সামনে। সেই লক্ষ্যেই বুধবার লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছে অজি বাহিনী। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
পরিসংখ্যানের নিরিখে লড়াইটা ডেভিড আর গোলিয়াথের। তাই পিছিয়ে থেকেই শুরু করতে হবে প্রোটিয়াদের। তাদের বড় সাফল্য বলতে ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। আসল মুহূর্তে মুখ থুবড়ে পড়া দক্ষিণ আফ্রিকার পুরানো রোগ। স্নায়ুর চাপ ধরে রাখতে পারলে নেলসন ম্যান্ডেলার দেশকে আরও এক আইসিসি ট্রফির জন্য এত হাপিত্যেস করতে হতো না। তবে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাভুমাদের মোটেও হাল্কাভাবে নেওয়া উচিত নয়। এমনই পরামর্শ দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ, ধারাবাহিক সাফল্য দেখিয়ে তারা ফাইনালের টিকিট পাকা করেছে। অতীত ভুলে সামনের দিকে তাকাতে চাইছেন মার্করামরা।
লর্ডসের পিচে বাউন্স, স্যুইং সামলেই রানের ইমারত গড়তে হবে। তাই দুই দলের ব্যাটারদের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার হয়ে খাওয়াজার সঙ্গে ওপেন করবেন মার্নাস লাবুশানে। তিনে নামতে পারেন ক্যামেরন গ্রিন। চারে বর্ষীয়ান স্মিথই বড় ভরসা। মিডল অর্ডারে ট্রাভিস হেড, ওয়েবস্টার ও অ্যালেক্স কেরিকে খেলানো হবে। তিন পেসার কামিন্স, স্টার্ক ও হ্যাজলউড। এক স্পিনার হিসেবে নাথান লিয়ঁকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ক্যাঙারু বাহিনী।
দক্ষিণ আফ্রিকার হয়ে রিকেলটনের সঙ্গে ইনিংসের সূচনা করবেন আইডেন মার্করাম। তিনে মুলডার ও চারে ক্যাপ্টেন বাভুমা। মিডল অর্ডারে ট্রিস্টান স্টাবস আছেন। যিনি এবারের আইপিএলে ছন্দে ছিলেন। ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরিনের মতো আনকোরা ক্রিকেটাররা অজি পেসারদের কখনও মুখোমুখি হননি। তাই অনভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকাকে আঘাত দিতে পারে।
অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিংকে টক্কর দিতে দক্ষিণ আফ্রিকার বড় ভরসা কাগিসো রাবাডা। তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে প্রোটিয়া বাহিনী। পাশাপাশি মার্কো জানসেন ও লুঙ্গি এনগিডিও খেলবেন। একমাত্র স্পিনার হিসেবে প্রথম একাদশে রাখা হয়েছে কেশব মহারাজকে।
ভারতীয় সময় বিকেল তিনটেয় খেলা শুরু। স্টার স্পোর্টস ও জিওহটস্টারে সরাসরি সম্প্রচার।